টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতে না হতেই ঢাকে কাঠি পড়বে আইপিএলের। কিন্তু কোটিপতি লিগ শুরু হওয়ার আগেই বাইশ গজে নিজের বিধ্বংসী ফর্মের জানান দিলেন বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ভারতীয় নৌবাহিনীর বিরুদ্ধে মাত্র ১৪ বলে অর্ধশতরান হাঁকিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন এই তরুণ তুর্কি।
মাঠে বৈভবের তান্ডব ডিওয়াই পাতিল ব্লু-এর হয়ে ২২০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই রুদ্রমূর্তি ধারণ করেন বৈভব। প্রথম ওভারের মাত্র ৪ বলে ১৬ রান তুলে তিনি বুঝিয়ে দিয়েছিলেন, আজ বোলারদের রেহাই নেই। ১৯ বলের ইনিংসে ৭টি চার ও ৫টি ছক্কার সাহায্যে তিনি করেন ৬৩ রান। তাঁর স্ট্রাইক রেট ছিল আকাশচুম্বী— ৩৩১.৫৮!
রেকর্ডের বরপুত্র বৈভব উল্লেখ্য, বৈভব সূর্যবংশী নামটা ক্রিকেট প্রেমীদের কাছে এখন অতি পরিচিত। ২০২৫ সালের আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে মাত্র ৩৫ বলে শতরান করে ইতিহাস গড়েছিলেন তিনি। মাত্র ১৪ বছর ৩২ দিন বয়সে কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান হওয়ার পাশাপাশি কোনো ভারতীয়র দ্রুততম আইপিএল সেঞ্চুরির রেকর্ডটিও তাঁরই দখলে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে মাত্র ৮০ বলে ১৭৫ রানের দানবীয় ইনিংস খেলে ভারতকে বিশ্বজয় করিয়েছিলেন এই প্রতিভাধর ক্রিকেটার।
জ্বললেন অর্জুন টেন্ডুলকারও এদিনের ম্যাচে নজর কাড়লেন অর্জুন টেন্ডুলকারও। লখনউ সুপার জায়ান্টসের এই ক্রিকেটার ডিওয়াই পাতিল ব্লুর হয়ে খেললেন ২৯ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংস। শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও একটি উইকেট নিয়ে অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ‘ম্যাচ সেরা’ নির্বাচিত হন তিনি। ম্যাচের ২০তম ওভারের প্রথম বলেই বিশাল এক ছক্কা মেরে দলকে জয় এনে দেন শচীন-পুত্র।
আইপিএলের আগে দুই তরুণ তুর্কির এমন ফর্ম নিঃসন্দেহে কপালে ভাঁজ ফেলবে বিপক্ষ দলগুলোর।