“২৮০০ কোটি টাকার তছরুপ!”-I-PAC তল্লাশি বিতর্কের মধ্যেই নামী ব্যবসায়ী গ্রেফতার

রাজ্য রাজনীতিতে যখন ইডি এবং নবান্নের লড়াই তুঙ্গে, ঠিক সেই আবহেই কলকাতায় বড়সড় অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আইপ্যাক কর্তা প্রতীক জৈনের অফিসে তল্লাশিকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশের সাথে ইডির নজিরবিহীন সংঘাতের মধ্যেই এবার ২৮০০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির মামলায় এক প্রভাবশালী ব্যবসায়ীকে গ্রেফতার করল তারা। ধৃত ব্যক্তির নাম প্রত্যুষ কুমার সুরেকা।

ইডির দাবি, কলকাতার এই ব্যবসায়ী শ্রী গণেশ জুয়েলারি হাউস লিমিটেড (SHJHIL)-এর ২৬৭২ কোটি টাকার (সুদসহ প্রায় ২৮০০ কোটি) ব্যাঙ্ক জালিয়াতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পিএমএলএ (PMLA) আইনের ১৯(১) ধারায় তাকে হেফাজতে নিয়েছে কেন্দ্রীয় সংস্থা। মূলত সিবিআই-এর দায়ের করা একটি এফআইআর-এর সূত্র ধরেই এই তদন্ত এগোচ্ছিল। অভিযোগ ছিল, ওই জুয়েলারি হাউস এবং তার কর্তারা প্রায় ২৫টি ব্যাঙ্ক থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন। সেই অর্থ তছরুপের শিকড় খুঁজতে গিয়েই প্রত্যুষ সুরেকার নাম উঠে আসে।

উল্লেখ্য, এই গ্রেফতারি এমন এক সময়ে হল যখন ইডি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সরাসরি সংঘাত চলছে। আইপ্যাকের অফিসে ইডি হানার পর মুখ্যমন্ত্রী নিজে সেখানে গিয়ে ‘তথ্য’ ছিনিয়ে নিয়ে এসেছেন বলে অভিযোগ তুলেছে ইডি। এমনকি বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। রাজ্য পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার নালিশ জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। এই চরম উত্তেজনার মাঝেও ইডির এই ধরপাকড় বুঝিয়ে দিল যে তারা দমে যেতে রাজি নয়। এই মামলায় আগামী দিনে আরও বড় কোনো নাম জড়ায় কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy