১৮ মাসের দাম্পত্যের রক্তাক্ত শেষ! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের ছক বিউটিশিয়ান স্ত্রীর

ওড়িশার জাজপুরের চাঞ্চল্যকর সৌম্য সাগর সামাল হত্যাকাণ্ডের কিনারা করল পুলিশ। গত সপ্তাহে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুনের এই ঘটনায় খোদ নিহতের স্ত্রী শুভশ্রী বেহেরা ওরফে সীমা-সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। জাজপুরের পুলিশ সুপার যশপ্রতাপ শ্রীমল জানিয়েছেন, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই এই নৃশংস খুন।

পেশায় বিউটি পার্লারের কর্মী শুভশ্রীর সঙ্গে দেড় বছর আগে প্রেম করে বিয়ে হয়েছিল মাংস ব্যবসায়ী সৌম্যর। তবে বিয়ের আগে থেকেই তাপস কুমার খিলার নামে এক যুবকের সঙ্গে শুভশ্রীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিয়ের পরেও সেই সম্পর্ক বজায় রাখেন তিনি। এই পরকীয়ার কথা জানতে পেরে সৌম্য বাধা দিলে শুরু হয় অশান্তি। এমনকি গত ৪ঠা এপ্রিল তাপসের সঙ্গে সৌম্যর ব্যাপক কথা কাটাকাটি হয়। অভিযোগ, এরপরেই সৌম্যকে সরিয়ে দেওয়ার চূড়ান্ত ছক কষে তাপস ও শুভশ্রী।

পুলিশের দাবি, তাপসের বোন প্রীতির থেকে টাকা নিয়ে একটি পিস্তল কেনা হয়। ঘটনার দিন রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় বাইকে এসে সৌম্যকে লক্ষ্য করে গুলি চালায় তাপস ও তার সঙ্গীরা। তদন্তের জন্য তিনটি দল গঠন করেছিল পুলিশ। শেষমেশ রাউরকেল্লা থেকে মূল অভিযুক্ত তাপসকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে শুভশ্রীর ভাই ও বোনও রয়েছে। এই ঘটনায় পরকীয়া ও পারিবারিক আক্রোশ দুই-ই স্পষ্ট হয়ে উঠেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy