দেশের উচ্চকক্ষ রাজ্যসভার ২৪টি আসনে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ১৮ জুন ১০টি রাজ্যের এই আসনগুলিতে ভোটগ্রহণ সম্পন্ন হবে। শুক্রবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, যেসব সাংসদের মেয়াদ ২১ জুন থেকে ১৯ জুলাইয়ের মধ্যে শেষ হচ্ছে, তাঁদের শূন্য আসনে এই দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া সম্পন্ন হবে এবং বিকেল ৫টার পর ফলাফল ঘোষণা করা হবে।
কোন রাজ্যে কত আসনে ভোট?
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, অন্ধ্রপ্রদেশ, গুজরাত ও কর্নাটকে চারটি করে আসনে ভোট হবে। রাজস্থান ও মধ্যপ্রদেশে তিনটি করে, ঝাড়খণ্ডে দুটি এবং মণিপুর, মেঘালয়, মিজোরাম ও অরুণাচল প্রদেশে একটি করে আসনে নির্বাচন হবে। এছাড়া মহারাষ্ট্র ও তামিলনাড়ুর একটি করে শূন্য আসনেও একই দিনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনী সূচি এক নজরে:
মনোনয়ন জমার শুরু: ১ জুন।
মনোনয়ন জমার শেষ দিন: ৮ জুন, সোমবার।
মনোনয়নপত্র যাচাই: ৯ জুন, মঙ্গলবার।
প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন: ১১ জুন, বৃহস্পতিবার।
ভোটগ্রহণ: ১৮ জুন, বৃহস্পতিবার (সকাল ৯টা থেকে বিকেল ৪টে)।
গণনা: ১৮ জুন, সন্ধ্যা ৫টা থেকে।
নির্বাচন প্রক্রিয়া সমাপ্তি: ২০ জুন, শনিবার।
এই নির্বাচনে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান ও রভনীত সিং-এর মতো হেভিওয়েট নেতাদের মেয়াদ শেষ হতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের এই নির্বাচন উচ্চকক্ষে দলগুলির শক্তি পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনডিএ জোট ও বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের মধ্যে আসন দখলের এই লড়াইয়ে সমীকরণ কীভাবে বদলায়, সেটাই এখন দেখার বিষয়।





