২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক সমীকরণ বদলে দিতে বড় হুঙ্কার দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার হলদিয়ার মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই শুভেন্দু দাবি করলেন, এবারের নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার সবকটি আসনেই জয়লাভ করবে বিজেপি। তাঁর লক্ষ্য— ‘১৬-তে ১৬’।
মোদীর সামনেই বড় দাবি: এদিন হলদিয়ার দুর্গাচকে আয়োজিত মেগা জনসভায় মোদীকে পাশে নিয়ে বক্তব্য রাখতে গিয়ে আত্মবিশ্বাসী শোনাল শুভেন্দুকে। তিনি বলেন, “মেদিনীপুরের মাটি বীরের মাটি। এই মাটি এবার আর অন্যায় সহ্য করবে না। আমি গ্যারান্টি দিচ্ছি, ৯ তারিখের এই বিশাল জনসমুদ্রই বলছে, পূর্ব মেদিনীপুরের ১৬টি আসনের সবকটিতেই এবার পদ্ম ফুটবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এখানে কোনো জায়গা হবে না।”
তৃণমূলকে ‘শূন্য’ করার শপথ: শুভেন্দু অধিকারীর এই দাবিকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। এক সময় এই মেদিনীপুরই ছিল অধিকারী পরিবারের একচেটিয়া দাপট। লোকসভা ভোটের ফলের নিরিখে জেলাজুড়ে বিজেপির পাল্লা ভারী থাকলেও, বিধানসভায় ১৬টি আসনেই জয় পাওয়া বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ। তবে শুভেন্দু সাফ জানিয়েছেন, জেলাজুড়ে তৃণমূলের যে ‘অরাজকতা’ আর ‘দুর্নীতি’ চলছে, মানুষ তার উপযুক্ত জবাব দেবেন।
মোদীর পাশে দাঁড়ানোর বার্তা: হলদিয়ার শিল্পনগরী থেকে প্রধানমন্ত্রী মোদীর ‘ডবল ইঞ্জিন’ সরকারের স্বপ্নকে বাস্তবায়িত করার ডাক দেন শুভেন্দু। তিনি স্পষ্ট করেন যে, জেলার সার্বিক উন্নয়ন এবং বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য মেদিনীপুরের ১৬টি আসনই মোদীর হাতে তুলে দেওয়া জরুরি।
নির্বাচনী আবহে শুভেন্দুর এই ‘১৬-তে ১৬’ স্লোগান কি সত্যিই বাস্তবায়িত হবে? নাকি তৃণমূল তাদের হারানো জমি ফিরে পাবে? উত্তর মিলবে ভোট গণনার দিন। তবে হলদিয়ার এই সভা যে পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে উত্তাপ বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য।





