ল্যাপটপের বাজারে বড়সড় পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে টেক জায়ান্ট অ্যাপল। শোনা যাচ্ছে, এই বছরই সংস্থাটি বাজারে আনতে চলেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ ল্যাপটপ ‘ম্যাকবুক আল্ট্রা’। বিশেষ সূত্রের খবর, এটিই হতে চলেছে অ্যাপলের প্রথম ল্যাপটপ, যা অত্যাধুনিক ওএলইডি (OLED) ডিসপ্লে প্রযুক্তি নিয়ে আসছে। গবেষণা সংস্থা ওমডিয়ার রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের জুলাই মাস থেকে স্যামসাং ডিসপ্লে এই প্যানেল তৈরির কাজ শুরু করবে, যার ফলে বছরের তৃতীয় ত্রৈমাসিকে (সেপ্টেম্বর-নভেম্বর) ডিভাইসটি বাজারে উন্মোচিত হতে পারে।
এতদিন অ্যাপল তাদের ম্যাকবুক প্রো সিরিজে মিনি-এলইডি ডিসপ্লে ব্যবহার করে আসলেও, নতুন এই মডেলে তারা হাইব্রিড ওএলইডি প্যানেল ব্যবহারের পরিকল্পনা করছে। জানা গেছে, ডিভাইসটি ১৪.৩-ইঞ্চি এবং ১৬.৩-ইঞ্চি—এই দুটি ডিসপ্লে সাইজে পাওয়া যাবে। ওএলইডি প্রযুক্তির ব্যবহারে স্ক্রিনের রঙ আরও উজ্জ্বল হবে এবং কালো রঙের গভীরতা বাড়বে। সেই সঙ্গে, এই নতুন ডিসপ্লেটি কম শক্তি খরচ করবে, যা ম্যাকবুকের ব্যাটারি লাইফ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে এবং ডিজাইনকে আরও স্লিম করে তুলবে।
অ্যাপল এখনও আনুষ্ঠানিকভাবে এই ডিভাইসটির বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। তবে প্রযুক্তি মহলের ধারণা, ব্যাটারি ও কুলিং সিস্টেমের ব্যাপক উন্নতির পাশাপাশি নতুন এই ল্যাপটপটি হাই-এন্ড ইউজারদের জন্য অ্যাপলের সেরা উপহার হতে যাচ্ছে। লঞ্চের প্রতীক্ষায় এখন বিশ্বজুড়ে অ্যাপলপ্রেমীরা।





