জলপাইগুড়ি জেলার মালবাজার ব্লকের বাগড়াকোট এলাকায় ঘটে গেল এক হাড়হিম করা দুর্ঘটনা। সেনাবাহিনীর মহড়ায় ব্যবহৃত পরিত্যক্ত মর্টার শেল কুড়োতে গিয়ে সেটি ফেটে মৃত্যু হল ১৭ বছর বয়সি এক কিশোরের। মৃত কিশোরের নাম রৌণক চৌধুরী। সে একাদশ শ্রেণির ছাত্র ছিল। সোমবার বিকেলে এই ঘটনায় বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের সাওগাঁও বস্তি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
কীভাবে ঘটল দুর্ঘটনা? স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বাগড়াকোটের তিস্তা ফায়ারিং রেঞ্জে নিয়মিত সেনাবাহিনীর মহড়া চলে। মহড়া শেষে অনেক সময় অবিস্ফোরিত বা পরিত্যক্ত মর্টার শেল ও কামানের গোলার অবশিষ্টাংশ পড়ে থাকে। অভিযোগ, সেই সব কুড়িয়ে এনে তার ভেতরের নিকেল বা দামী ধাতু বিক্রি করার নেশায় অনেক সময় স্থানীয়রা প্রাণের ঝুঁকি নিয়ে রেঞ্জে ঢুকে পড়েন। এদিন রৌণকও তেমন একটি পরিত্যক্ত শেল কুড়িয়ে আনার সময় সেটি আচমকাই ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতায় কিশোরের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।
প্রশাসনের বক্তব্য: মালবাজারের মহকুমা শাসক উৎকর্ষ খন্ডাল জানিয়েছেন, “সেনাবাহিনী মহড়া করার আগে সমস্ত দফতরকে জানিয়ে বিজ্ঞপ্তি জারি করে। প্রশাসনের পক্ষ থেকেও ওই নিষিদ্ধ এলাকায় সাধারণের প্রবেশের ওপর কড়া নিষেধাজ্ঞা থাকে। তা সত্ত্বেও কিছু মানুষ সেখানে ঢুকে পড়েন। সাধারণ মানুষের আরও সচেতন হওয়া জরুরি।” মালবাজার থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।