একেই বলে প্রকৃত ভক্ত! সিনেমা মুক্তির ঠিক আগ মুহূর্তে প্রিয় নায়ককে এমন এক বিশাল চমক দেওয়া হলো, যা দেখে গোটা হায়দরাবাদ শহরে হইচই পড়ে গেছে। আর সেই নায়ক হলেন দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা! চমকটি হলো, তার ৭৫ ফুটের এক বিশাল কাট-আউট!
ঘটনাটি আরেকটু খোলসা করে বলা যাক। হায়দরাবাদের জনপ্রিয় সুদর্শন থিয়েটারের সামনে এখন উপচে পড়া ভিড়। অন্যান্য দিনের তুলনায় যানজটও অনেক বেশি। সবার চোখ এখন ৭৫ ফুটের সেই সুবিশাল বিজয় দেবেরাকোন্ডার কাট-আউটের দিকে। যেখানে দেখা যাচ্ছে, খালি গায়ে পেশি ফুলিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছেন বিজয়। তার গলায় শোভা পাচ্ছে দীর্ঘ ফুলের মালা। বিজয়ের এই ৭৫ ফুটের লড়াকু ছবিটিই এখন শহর মাতাচ্ছে।
বিজয় দেবেরাকোন্ডা—এই একটি নামই যেন সিনেমাকে সুপারহিট করার জন্য যথেষ্ট। অ্যাকশন থেকে রোমান্স, কমেডি থেকে শুরু করে একেবারে ঝিনচ্যাক নায়ক—বিজয় জানেন কীভাবে দর্শকদের মন জয় করতে হয়। তার প্রমাণ মিলেছে ‘পেল্লি চুপুলু’, ‘অর্জুন রেড্ডি’, ‘ট্যাক্সিওয়ালা’ এবং ‘গীত গোবিন্দম’ এর মতো রেকর্ড ব্যবসা করা ছবিগুলোতে। শুধু দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেই নয়, বলিউডেও তিনি নিজের ছাপ ফেলেছেন। সেই সুপারস্টার বিজয়ই ফের সিনেপর্দায় আসতে চলেছেন। আজ, ৩১শে জুলাই মুক্তি পেতে চলেছে পরিচালক গৌতম তিন্নানুড়ির নির্দেশনায় তার নতুন ছবি ‘কিংডম’। এই কাট-আউট যেন সেই ছবির মুক্তির উন্মাদনাকেই আরও বাড়িয়ে দিয়েছে।