৯ এপ্রিল অসমে বিধানসভা নির্বাচন, তার ঠিক তিন সপ্তাহ আগেই বড়সড় ধাক্কা খেল জাতীয় কংগ্রেস। মঙ্গলবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে পদত্যাগপত্র পাঠানোর পর, বুধবার সশরীরে দিল্লিতে বিজেপিতে যোগ দিলেন অসমের দু’বারের দাপুটে সাংসদ প্রদ্যুৎ বোরদলোই। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং অসম বিজেপি সভাপতি দিলীপ সাইকিয়ার উপস্থিতিতে গেরুয়া উত্তরীয় পরে আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে নাম লেখালেন তিনি।
দলত্যাগের পর বিস্ফোরক প্রদ্যুৎ। আবেগঘন গলায় তিনি বলেন, “কংগ্রেস আমাকে অনেক দিয়েছে, কিন্তু বর্তমানে মাথা উঁচু করে থাকাটাই আমার কাছে দায় হয়ে দাঁড়িয়েছিল। আমি দ্বিতীয় মেয়াদে সাংসদ, আরও তিন বছর সময় বাকি আছে। চাইলে অপমান সহ্য করে সাংসদ হিসেবে থেকে যেতে পারতাম, কিন্তু আমি কাজ করার সুযোগ চেয়েছি।”
রাজনৈতিক মহলের মতে, অসম কংগ্রেসের অন্দরে ফাটল এখন আর লুকোনো নেই। গত মাসেই সভাপতি ভূপেন কুমার বোরা ইস্তফা দিয়েছেন। এবার প্রদ্যুতের চলে যাওয়া উত্তর-পূর্ব ভারতে কংগ্রেসের ভবিষ্যৎকে বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিল। ভোটের মুখে এই হাই-ভোল্টেজ দলবদল বিজেপির পালে বাড়তি হাওয়া দেবে বলেই মনে করা হচ্ছে।