পৌষ সংক্রান্তির আমেজ কাটতে না কাটতেই মাঘের শুরুতেই বঙ্গে জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। মকর সংক্রান্তিতে কলকাতার পারদ ১৩ ডিগ্রির ঘরে থাকলেও, শীত এখনই বিদায় নিচ্ছে না। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত রাজ্যে জোরালো শীতের স্পেল বজায় থাকবে। এমনকি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের আগে পাকাপাকিভাবে শীত বিদায়ের কোনো সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের সব জেলাতেই পারদ স্বাভাবিকের নিচে থাকবে। বাঁকুড়া ও বীরভূমের মতো জেলাগুলিতে শীতের দাপট সবচেয়ে বেশি অনুভূত হবে। তবে রবিবার থেকে তাপমাত্রার সামান্য হেরফের হতে পারে। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে ঘন কুয়াশার দাপট থাকবে, বিশেষ করে উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় দৃশ্যমানতা কমতে পারে। তবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আবহাওয়া মূলত শুকনো থাকবে।
উত্তরবঙ্গের পরিস্থিতি: উত্তরবঙ্গে কনকনে ঠান্ডা তার দাপট বজায় রেখেছে। দার্জিলিং সহ পার্বত্য এলাকায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। মালদা ও দুই দিনাজপুরে কুয়াশার জেরে ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
কলকাতার তাপমাত্রা: কলকাতায় শীতের আমেজ পুরোদস্তুর বজায় রয়েছে। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম। আগামী ৫-৬ দিন তিলোত্তমার তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রির আশেপাশেই থাকবে। স্কুল-কলেজ পড়ুয়াদের জন্য সুখবর হলো, এই বছর সরস্বতী পুজোর দিনটিতেও জোরালো শীতের আমেজ গায়ে মেখেই মণ্ডপে ঘুরতে পারবেন তাঁরা।





