ভারতের প্রযুক্তির ইতিহাসে আজ এক সোনালী দিন। সোমবার ১৬ ফেব্রুয়ারি নয়াদিল্লির ভারত মণ্ডপমে বহুপ্রতীক্ষিত ‘এআই ইমপ্যাক্ট এক্সপো’ (AI Impact Expo) ও সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা চারদিন ধরে চলা এই মেগা ইভেন্ট ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তার যাত্রাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা রাষ্ট্রনেতা, প্রযুক্তিপ্রেমী এবং গবেষকদের স্বাগত জানিয়ে লিখেছেন, এই সামিটের মূল লক্ষ্য হলো ‘সবার কল্যাণ ও সবার সুখ’। এই আন্তর্জাতিক মঞ্চে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান ও ফ্রান্স-সহ ১৩টি দেশ। ৩ হাজারের বেশি বিশিষ্ট বক্তা এই সম্মেলনে নিজেদের ভাবনা তুলে ধরবেন এবং প্রতিদিন প্রায় আড়াই লক্ষ দর্শক এই প্রদর্শনীর সাক্ষী হবেন বলে অনুমান করা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেছেন, এই উদ্যোগ ভারতকে বিশ্ব এআই-মানচিত্রে অগ্রগণ্য করে তুলবে।