উত্তর প্রদেশের গোরক্ষপুরে ছট পুজো উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে দাউদ ইব্রাহিমকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন অভিনেত্রী তথা সন্ন্যাসীনি মমতা কুলকার্নি। তিনি দাউদ ইব্রাহিমকে ‘মাফিয়া’ নন বলে দাবি করেন এবং অভিযোগ করেন যে দাউদ ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণে জড়িত ছিলেন না। এমন মন্তব্যের পরেই তীব্র সমালোচনার মুখে পড়েন প্রাক্তন অভিনেত্রী। পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবারই একটি নতুন ভিডিয়ো সামনে এনে তিনি তাঁর মন্তব্যের ব্যাখ্যা দেন।
সাংবাদিক বৈঠকে কী বলেছিলেন মমতা?
সাংবাদিকরা যখন তাঁকে দাউদের সঙ্গে তাঁর নাম জড়ানোর বিষয়ে প্রশ্ন করেন, তখন তিনি বলেন, “দাউদের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। উনি কোনও বোমা বিস্ফোরণ ঘটাননি। দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন না। আমি ওনার সঙ্গে নেই। কিন্তু উনি কোনও সন্ত্রাসী নন। আপনাদের সেই পার্থক্যটাও বুঝতে হবে।”
বৃহস্পতিবার তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আরও একটি ভিডিয়ো শেয়ার করেন। সেখানে তিনি স্পষ্ট ভাবে জানান, তিনি ‘সন্ত্রাসী নন’ কথাটা ব্যবহার করেছিলেন তাঁর প্রাক্তন স্বামী ভিকি গোস্বামীকে উদ্দেশ্য করে, যার সঙ্গে অতীতে নাম জুড়েছিল তাঁর।
নতুন ভিডিয়োতে মমতার সাফাই:
মমতা কুলকার্নি দাবি করেন যে, মিডিয়া তাঁর বক্তব্যকে ভুলভাবে সামনে এনেছে। তিনি বলেন, “আমি কাল গোরক্ষপুর গিয়েছিলাম ছট পুজো উপলক্ষ্যে। তার আগে একটা সাংবাদিক বৈঠক হয়। যেখানে আমাকে দাউদ ইব্রাহিম সম্পর্কে প্রশ্ন করা হয়…। আমি তখন সংবাদমাধ্যমে জানাই, হ্যাঁ, কোনও এক সময়ে আমার নাম দাউদের সঙ্গে জুড়েছিল। কিন্তু আমার কোনওদিন ওনার সঙ্গে দেখা হয়নি। আমি কোনওদিন ওকে চোখে দেখিনি। তাই এই ধরনের প্রশ্ন অবান্তর।”
তিনি যোগ করেন, “আর যার সঙ্গে আমার নাম জুড়েছিল তাঁর নাম ভিকি গোস্বামী, আপনারা কখনও শুনেছেন ভিকি ভারতে কোথাও বোমা বিস্ফোরণ ঘটিয়েছে? বা সন্ত্রাসবিরোধী কোনও দলের সঙ্গে কাজ করেছে? শোনেননি। আমি এটাই সংবাদমাধ্যমে বলেছিলাম।”
সন্ন্যাসিনী মমতার অনুরোধ, “মিডিয়া এই ঘটনাকে ঘুরিয়ে সামনে আনে। আমি অনুরোধ করব, আপনারা আমার ওই সাক্ষাৎকার শান্তিতে শুনুন। সেখানে আরও সাধু সন্ন্যাসীরা উপস্থিত ছিলেন। দয়া করে নিজেদের বিবেকের ব্যবহার করুন। না আমি দাউদের সঙ্গে দেখা করেছি, না ওনার সঙ্গে আমার কোনও সম্পর্ক আছে। জয় ভবানী।”





