পারিবারিক ঝগড়ার জেরে চূড়ান্ত পথ বেছে নিলেন এক ব্যক্তি। কংসাবতী জলাধারের লকগেটের সামনে থেকে উদ্ধার হলো তাঁর নিথর দেহ। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়ার পর্যটন কেন্দ্র মুকুটমণিপুরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ ঘোষ (৪০)। তিনি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এ-জোনের আরবিন্দনগর এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার বাড়ির লোকেদের সঙ্গে তাঁর প্রবল অশান্তি হয়। রাগের মাথায় বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে গিয়েছিলেন তিনি, কিন্তু তারপর আর ফেরেননি। দীর্ঘ সময় নিখোঁজ থাকায় পরিবারের দুশ্চিন্তা বাড়তে থাকে। খোঁজখবর করতে গিয়ে জানা যায়, তাঁকে মুকুটমণিপুর এলাকায় দেখা গিয়েছে। পুলিশ খবর পেয়ে রবিবার বিকেল থেকেই তল্লাশি শুরু করে। জলাধারের পাড়ে তাঁর সাইকেলটি পড়ে থাকতে দেখে বড়সড় বিপদের আশঙ্কা দানা বাঁধে।
এরপর খাতড়া মহকুমা সিভিল ডিফেন্সের কর্মীদের নামানো হয় তল্লাশিতে। সোমবার সকালে দীর্ঘ প্রচেষ্টার পর কংসাবতী জলাধারের লকগেটের সামনে থেকে বিশ্বজিৎবাবুর দেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পারিবারিক বিবাদের মানসিক অবসাদ থেকেই তিনি জলাধারে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।