অবশেষে কি অধরা স্বপ্নপূরণ হলো ডোনাল্ড ট্রাম্পের? ভেনেজুয়েলার দখল নেওয়ার পর এবার খোদ নোবেল শান্তি পুরস্কার জয়ী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো নিজের নোবেল তুলে দিলেন মার্কিন প্রেসিডেন্টের হাতে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক রুদ্ধদ্বার লাঞ্চ মিটিংয়ের পর সামনে এল এমনই চাঞ্চল্যকর তথ্য।
ভেনেজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বর্তমানে আমেরিকার হেফাজতে, সেখানেই চলছে তাঁর বিচার। এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্ধারণে মারিয়া কোরিনা মাচাদো বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে এক ঘণ্টার দীর্ঘ বৈঠক করেন। বৈঠক শেষে বেরিয়ে মাচাদো সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “এখন আমাদের প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর ভরসা রাখতে হবে।” একইসঙ্গে তিনি জানান, নিজের শান্তির নোবেল তিনি ট্রাম্পকে উৎসর্গ করেছেন। তবে ট্রাম্প সেই পুরস্কার গ্রহণ করেছেন কি না, তা নিয়ে রহস্য বজায় রেখেছেন মাচাদো।
উল্লেখ্য, নোবেল কমিটি আগেই জানিয়েছে যে এই সম্মান অন্য কাউকে ‘ট্রান্সফার’ করা আইনত সম্ভব নয়। তবুও ট্রাম্পের হাতে মাচাদোর নোবেল তুলে দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক রাজনীতিতে এক নজিরবিহীন ঘটনা। বৈঠক শেষে মাচাদোর হাতে ট্রাম্পের সই করা একটি লাল গিফট ব্যাগও দেখা যায়, যা নিয়ে কৌতূহল তুঙ্গে। ভেনেজুয়েলার শাসনভার কার হাতে উঠবে, তা নিয়েই এখন চলছে চুলচেরা বিশ্লেষণ।





