শান্তির খোঁজে পর্যটকদের স্বর্গরাজ্য! জানুন ভারতের একমাত্র ‘সাইলেন্ট সিটি’ আইজল সম্পর্কে

ছুটির দিনে শহরের ভিড় আর গাড়ির কর্কশ হর্ন থেকে দূরে একটু শান্তি খুঁজছেন? তাহলে মিজোরামের রাজধানী আইজল আপনার জন্য সেরা গন্তব্য। পাহাড়ের কোলে ঘেরা এই শহর ভারতের একমাত্র ‘সাইলেন্ট সিটি’ হিসেবে পরিচিত। এখানে ট্রাফিক জ্যাম নেই বললেই চলে, আর যদি থেকেও থাকে, তবে দীর্ঘ সময় আটকে থাকলেও কেউ বিরক্ত হয় না।

আইজলের ট্রাফিক সংস্কৃতি বড় শহরগুলোর জন্য এক অনন্য উদাহরণ। এখানকার রাস্তায় কোনো ট্রাফিক সিগন্যাল নেই, তবুও যানজট হয় না। মানুষ এখানে সারিবদ্ধভাবে গাড়ি চালায়, কেউ কাউকে ওভারটেক করার জন্য ব্যস্ত হয় না এবং অদ্ভুতভাবে কেউ হর্ন বাজায় না। এখানে হর্ন বাজানো বা জোর করে ওভারটেক করাকে অত্যন্ত অসম্মানজনক হিসেবে দেখা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে ১,১৩২ মিটার উঁচুতে অবস্থিত এই শহর তার দূষণমুক্ত পরিবেশ ও সৌন্দর্য্যের জন্য ‘ল্যান্ড অফ হাইল্যান্ডার্স’ নামেও পরিচিত।

ভ্রমণপিপাসুরা আইজলে এসে মিজোরাম স্টেট মিউজিয়াম, অপূর্ব সুন্দর সলোমন মন্দির এবং শহরের কাছেই অবস্থিত ‘রিক’ নামক গ্রামটি ঘুরে দেখতে পারেন। রিক গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। আইজলে পৌঁছানোর জন্য নিকটতম রেলস্টেশন সিলচর, যেখান থেকে ট্যাক্সিতে করে যাওয়া যায়। এছাড়া আইজলের নিজস্ব বিমানবন্দর ‘লেংপুই’ থাকায় সরাসরি আকাশপথেও সেখানে পৌঁছানো সম্ভব। নিরিবিলি পরিবেশে নিজেকে রিফ্রেশ করতে চাইলে এবারের ছুটিতে অবশ্যই আইজলকে আপনার তালিকার শীর্ষে রাখুন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy