উত্তরপ্রদেশের বেরেলির ফরিদপুরে ভাই খুনের ঘটনায় প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর তথ্য। গত ৩০ এপ্রিল রায়পুর হংস গ্রামের বাসিন্দা ইন্দ্রপাল সিং গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই ঘটনায় মৃতের ভাই উমেশ পাল সিং কয়েকজন গ্রামবাসীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে থানায় মামলা করে। কিন্তু পুলিশের তদন্তে বেরিয়ে এল আসল সত্য। গোয়েন্দা দল, ফরেনসিক ও কঠোর জিজ্ঞাসাবাদের পর প্রমাণিত হয়, গ্রামবাসীদের ফাঁসানোর জন্য উমেশ নিজেই তার ভাইকে খুন করেছে।
তদন্তে জানা গেছে, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের বিবাদ ছিল। অভিযুক্ত উমেশের একটি প্রেমঘটিত সম্পর্ক ছিল, যা ইন্দ্রপাল কিছুতেই মেনে নিতে পারছিল না। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র অশান্তি তৈরি হয়। এর পাশাপাশি কোটি কোটি টাকার বিমার টাকা হাতিয়ে নেওয়া এবং পারিবারিক সম্পত্তি কুক্ষিগত করার পরিকল্পনা ছিল উমেশের। নিজের পথের কাঁটা সরাতে এবং বিমার টাকা ও সম্পত্তির মালিক হতে সে ঠান্ডা মাথায় তার ভাইকে গুলি করে হত্যা করে।
হত্যার পর নিজেকে নির্দোষ প্রমাণ করতে উমেশ কান্না জুড়ে দিয়েছিল এবং মিথ্যে অভিযোগ দায়ের করেছিল গ্রামবাসীদের বিরুদ্ধে। কিন্তু পুলিশের বিশেষ অভিযান দল (এসওজি) ও ফরেনসিক প্রমাণের সামনে তার সব পরিকল্পনা ব্যর্থ হয়। জেরার মুখে উমেশ তার অপরাধ স্বীকার করেছে। সার্কেল অফিসার অঞ্জনা দাহিয়া জানান, অভিযুক্ত উমেশ পাল সিংকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল এবং দুটি খালি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনের ধারায় মামলা রুজু হয়েছে।





