মার্কিন শ্রমমন্ত্রী লরি শাভেজ-ডেরেমারের পদত্যাগ ঘিরে তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, যুক্তরাষ্ট্রে চরম সংকটের সময় সরকারি তহবিল নয়ছয় করে একটি পুল পার্টির আয়োজন করেছিলেন তিনি। তদন্তের মুখে পড়ে শেষ পর্যন্ত ‘নৈতিক কারণে’ ইস্তফা দেওয়ার ঘোষণা দিয়েছেন ৫৮ বছর বয়সী লরি। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের মন্ত্রিসভায় এটি গত কয়েক দিনের মধ্যে তৃতীয় পদত্যাগের ঘটনা।
কী ঘটেছিল সেই পুল পার্টিতে?
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে যখন মার্কিন সরকার ‘শাটডাউন’ ঘোষণা করেছিল, তখন গোটা দেশ চরম অনিশ্চয়তায়। ঠিক সেই সময় লরি তাঁর বন্ধুদের নিয়ে পুল পার্টিতে মেতে ওঠেন। প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে যে, ওই সময় তিনি ক্লাবে মদ্যপান করছিলেন এবং সরকারি অর্থ ব্যবহার করে সহযোগীদের নিয়ে প্রমোদ ভ্রমণে গিয়েছিলেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই দেশজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়।
অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের পাহাড়প্রমাণ অভিযোগ:
লরি ডেরেমারের বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ:
১. উগ্র আচরণ: তিনি তাঁর অধস্তন কর্মীদের ওপর নিয়মিত চিৎকার-চেঁচামেচি করতেন বলে অভিযোগ।
২. কর্মস্থলে মদ্যপান: অফিসের কাজের সময় মদ্যপ অবস্থায় থাকার চাঞ্চল্যকর তথ্যও সামনে এসেছে।
৩. তহবিল তছরুপ: ক্ষমতার অপব্যবহার করে সরকারি টাকায় নিজের ঘনিষ্ঠদের অবৈধভাবে সফরের ব্যবস্থা করে দিতেন তিনি।
তদন্ত প্রতিবেদনটি সিনেটে পেশ করার তোড়জোড় শুরু হতেই লরি পদত্যাগের সিদ্ধান্ত নেন। তাঁর সাথে ওই বিভাগের আরও চারজন উচ্চপদস্থ কর্মকর্তাও ইস্তফা দিয়েছেন। যদিও হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চেউং পুরো বিষয়টিকে আড়াল করার চেষ্টা করে বলেছেন, লরি ব্যক্তিগত কারণে বেসরকারি ক্ষেত্রে যোগ দিতে পদত্যাগ করেছেন এবং তাঁর এক বছরের কাজ প্রশংসনীয়। তবে তদন্তের রিপোর্ট মার্কিন প্রশাসনের স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।





