লন্ডনের আকাশে বড় বিপদের হাতছানি? এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের ত্রুটি নিয়ে রিপোর্ট চাইল ব্রিটিশ প্রশাসন

লন্ডনের হিথরো বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানের জ্বালানি নিয়ন্ত্রণ সুইচে (Fuel Control Switch) ত্রুটির অভিযোগ ওঠায় আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার গুরুত্ব অনুধাবন করে ব্রিটেনের সিভিল এভিয়েশন অথরিটি (CAA) ভারতের এই বিমান সংস্থার কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। গত ১ ফেব্রুয়ারি হিথরো থেকে বেঙ্গালুরুগামী এআই১৩২ (AI132) ফ্লাইটে এই সম্ভাব্য ত্রুটি ধরা পড়ে।

ঘটনার সূত্রপাত হয় যখন জনৈক পাইলট ২ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অবতরণের পর জ্বালানি নিয়ন্ত্রণ সুইচে অসংগতির কথা জানান। অভিযোগ ওঠে, সুইচে ত্রুটি থাকলে মাঝ আকাশে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে ইঞ্জিন বিকল হওয়ার মতো ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA) প্রাথমিক তদন্তে জানিয়েছে, সুইচটি ব্যবহারের সময় সম্ভবত সঠিক পদ্ধতি অনুসরণ করা হয়নি। এমনকি বিমানটি বেঙ্গালুরু আসার বদলে লন্ডনেই গ্রাউন্ডেড করা উচিত ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবা এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাদের সমস্ত কার্যকরী বোয়িং ৭৮৭ বিমানের ‘ফুয়েল কন্ট্রোল সুইচ’ পরীক্ষা করা হয়েছে এবং কোনো ত্রুটি পাওয়া যায়নি। বোয়িং সংস্থা এবং নিয়ন্ত্রক সংস্থাগুলিকেও বিষয়টি জানানো হয়েছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তারা সমস্ত ক্রু মেম্বারদের জন্য অপারেটিং পদ্ধতির বিশেষ নির্দেশিকা জারি করবে। উল্লেখ্য, গত বছরও এয়ার ইন্ডিয়ার একটি বিমানে উড়ানের পরপরই জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছিল, যা নিয়ে তদন্ত এখনও জারি রয়েছে। যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে ব্রিটেন এবং ভারত উভয় দেশের নিয়ন্ত্রক সংস্থাই এখন কড়া নজরদারি চালাচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy