রেহাই পেল না জানলা-এসিও! দুর্নীতি নিয়ে তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর ক্ষুব্ধ জনতার, নামল পুলিশ

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-নেত্রীর বিরুদ্ধে জনরোষের ছবি সামনে আসছে। কোথাও বিক্ষোভ, আবার কোথাও নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে। সেই তালিকায় এবার নয়া সংযোজন হাওড়ার আমতা। আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের (জব কার্ড) টাকা আত্মসাতের অভিযোগে এবার এক তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালালেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। রবিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে আমতার কাশমুলি গ্রাম পঞ্চায়েত এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমতা বিধানসভার অন্তর্গত কাশমুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান তরুণ দলুইয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই দুর্নীতির ক্ষোভ জমছিল এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, কাশমুলি পঞ্চায়েতের এই তৃণমূল প্রধান এবং তাঁর স্বামী মিলে দিনের পর দিন সাধারণ মানুষকে প্রতারণা করে গিয়েছেন। গরিব মানুষের আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার টাকা এবং জব কার্ডের মজুরির টাকা তাঁরা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, বিভিন্ন সরকারি পরিষেবার কাজের জন্য সাধারণ মানুষকে দিনের পর দিন হয়রানির শিকার হতে হতো বলেও দাবি স্থানীয়দের।

বিক্ষুব্ধ বাসিন্দাদের আরও দাবি, জব কার্ড এবং আবাস যোজনার বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার নাম করে তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা কাটমানি নিয়েছিলেন তরুণ দলুই। কিন্তু টাকা দেওয়ার পরও দিনের পর দিন প্রধানের বাড়ি ঘুরে কোনও কাজ হয়নি। বারবার অনুনয়-বিনয় করেও কোনও সুরাহা না মেলায় শেষ পর্যন্ত ধৈর্যের বাঁধ ভাঙে সাধারণ মানুষের।

তারই প্রতিবাদে রবিবার সকালে লাঠিসোটা নিয়ে আচমকাই তৃণমূল প্রধান তরুণ দলুইয়ের বাড়ির সামনে জড়ো হন এলাকার শয়ে শয়ে মানুষ। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রধানের বাড়ি লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি ও ভাঙচুর। উত্তেজিত জনতা বাড়ির জানলার কাচ, সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে দেওয়ালে থাকা এসি মেশিন পর্যন্ত ভেঙে গুঁড়িয়ে দেয়। ঘটনার সময় এলাকায় ব্যাপক আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জয়পুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই প্রসঙ্গে ফোনে হাওড়া গ্রামীণ পুলিশের সুপার সুবিরমল পাল জানান, জব কার্ড সংক্রান্ত একটি পুরনো বিবাদকে কেন্দ্র করে স্থানীয় কিছু মানুষ পঞ্চায়েত প্রধানের বাড়িতে চড়াও হয়েছিলেন এবং হামলা চালিয়েছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে পুলিশ কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করছে। এলাকায় নতুন করে যাতে কোনও অশান্তি না হয়, তার জন্য পুলিশি টহলদারি চালানো হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy