বিদেশের মাটিতে পড়তে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার শিকার ভারতীয় পড়ুয়ারা। রাশিয়ার এক মেডিকেল কলেজের হোস্টেলের ভেতরে ঢুকে ছুরি নিয়ে নারকীয় তাণ্ডব চালাল এক হামলাকারী। এই হামলায় ৪ জন ভারতীয় মেডিকেল পড়ুয়াসহ বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। রাশিয়ার বাসকর্তোস্তান রিপাবলিকের ‘উফা স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটি’র (Ufa State Medical University) হোস্টেলে ঘটা এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে তীব্র আতঙ্ক ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে।
শনিবারের এই শিউরে ওঠা ঘটনার বর্ণনা দিতে গিয়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হোস্টেলের স্পোর্টস হলের ভেতর হঠাতই ছুরি নিয়ে এক হামলাকারী প্রবেশ করে। সেই সময় সেখানে বহু পড়ুয়া উপস্থিত ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই আততায়ী সামনে যাকে পায়, তাকেই এলোপাথাড়ি কোপাতে শুরু করে। এক প্রত্যক্ষদর্শীর কথায়, “পুরো স্পোর্টস হল রক্তে ভাসছিল। চোখের সামনে সহপাঠীদের কুপিয়ে রক্তাক্ত করা হচ্ছে—এমন বীভৎস দৃশ্য আগে কখনও দেখিনি।”
রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, হামলাকারী একজন নাবালক। সে হোস্টেলের ভেতর ঢুকে বেপরোয়াভাবে ছুরি চালাতে থাকে। পুলিশ তাকে আটকাতে গেলে সে দুজন পুলিশকর্মীকেও জখম করে। এমনকি গ্রেফতার হওয়ার আগে সে নিজেকেও ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করে দেয়। বর্তমানে অভিযুক্ত পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন। মস্কোয় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, আহত ৪ ভারতীয় পড়ুয়ার শারীরিক অবস্থার ওপর কড়া নজর রাখা হচ্ছে। কাজ়ানে অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকরা ইতিমধ্যেই উফাতে পৌঁছেছেন যাতে আহতদের সবরকম আইনি ও চিকিৎসা সংক্রান্ত সহায়তা প্রদান করা যায়। এই হামলার নেপথ্যে কোনো জাতিবিদ্বেষ নাকি ব্যক্তিগত আক্রোশ কাজ করছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে রুশ প্রশাসন।





