রাজ্য রাজনীতিতে বিরল সৌজন্য! বামেদের পার্টি অফিস দখলমুক্ত করে ফরওয়ার্ড ব্লককে ফেরালেন বিজেপি বিধায়ক

ভোট পরবর্তী হিংসা আর দখলদারির রাজনীতির চেনা ছকের মাঝে এক বিরল ও ব্যতিক্রমী ছবির সাক্ষী থাকল পশ্চিম বর্ধমানের কুলটি। নির্বাচনের ফলপ্রকাশের পর যখন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক সংঘর্ষ ও অফিস দখলের অভিযোগ আসছে, তখন সম্পূর্ণ উল্টো পথে হেঁটে সৌজন্যের নজির গড়লেন কুলটির নবনির্বাচিত বিজেপি বিধায়ক অজয় পোদ্দার।

ঘটনার সূত্রপাত কুলটির একটি ফরওয়ার্ড ব্লকের পার্টি অফিসকে কেন্দ্র করে। অভিযোগ উঠেছিল, নির্বাচনের ফল বেরোনোর পর উৎসাহী বিজেপি কর্মীরা ওই বাম কার্যালয়টি দখল করে নিয়েছিলেন। বিষয়টি কানে আসতেই বিন্দুমাত্র দেরি করেননি অজয় পোদ্দার। দলীয় কর্মীদের দাপটকে প্রশ্রয় না দিয়ে তিনি নিজেই উদ্যোগী হয়ে ওই অফিসটি দখলমুক্ত করান।

বুধবার সকালে বিজেপি বিধায়ক স্বয়ং ওই কার্যালয়ে উপস্থিত হন এবং ফরওয়ার্ড ব্লকের স্থানীয় প্রার্থীর হাতে অফিসের চাবিকাঠি তুলে দেন। বিধায়কের এই পদক্ষেপে তাজ্জব বনে গেছেন রাজনীতির কারবারিরা। অজয় পোদ্দার স্পষ্ট জানিয়েছেন, “গণতন্ত্রে লড়াই হয় আদর্শ আর ভোটের ময়দানে। কারও ঘর বা রাজনৈতিক কার্যালয় দখল করা বিজেপির সংস্কৃতি নয়। আমরা শান্ত ও সুন্দর বাংলা গড়তে চাই।”

তৃণমূল জমানার ‘দখলদারি রাজনীতি’র বিরুদ্ধে যখন বিজেপি সরব, তখন নিজের দলের কর্মীদের রাশ টেনে বামেদের অফিস ফিরিয়ে দেওয়াকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কুলটির সাধারণ মানুষ এবং রাজনৈতিক মহল বিধায়কের এই নিরপেক্ষ ও সৌজন্যমূলক আচরণকে সাধুবাদ জানিয়েছেন। বিরোধীদের ডেরায় গিয়ে তাঁদের প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দেওয়ার এই ঘটনা বঙ্গ রাজনীতিতে এক নতুন বার্তা দিল বলেই মনে করা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy