রাজনীতিকে ‘টাটা’ সায়ন্তিকার!-মেদ ঝরিয়ে কোথায় ফিরছেন এবার অভিনেত্রী?

রাজনীতিতে আসার জন্য এক সময় গ্ল্যামার দুনিয়াকে কার্যত বিদায় জানিয়েছিলেন তিনি। চব্বিশের উপনির্বাচনে জিতে বিধায়ক হয়ে সেই সিদ্ধান্তের সুফলও পেয়েছিলেন। কিন্তু ভাগ্যের চাকা ঘুরল ছাব্বিশের বিধানসভা নির্বাচনে। বিজেপি প্রার্থী সজল ঘোষের কাছে হারের পর এবার কি রাজনীতির ময়দানকেই চিরতরে বিদায় জানাতে চলেছেন বরানগরের প্রাক্তন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়? তাঁর সাম্প্রতিক কিছু পদক্ষেপ অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে।

গত ৪ মে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই পাল্টে গিয়েছে অনেক সমীকরণ। তৃণমূলের একাধিক তারকা প্রার্থী হারের মুখ দেখায় টলিউডে ফেরার হিড়িক পড়েছে। রাজ চক্রবর্তী ইতিপূর্বেই রাজনীতি ছাড়ার ঘোষণা করেছেন। এবার সেই পথেই হাঁটতে দেখা যাচ্ছে দেব-জিতের প্রাক্তন নায়িকাকে।

ফেসবুকে বদল, জিমে প্রত্যাবর্তন সায়ন্তিকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের দিকে নজর রাখলেই বোঝা যাচ্ছে তাঁর মানসিক বদল। ফেসবুকের কভার পেজ থেকে উধাও হয়ে গিয়েছে রাজনৈতিক কর্মকাণ্ডের ছবি। সেখানে জায়গা করে নিয়েছে তাঁর একটি ‘মাচা শো’-এর ঝলক। অর্থাৎ, রাজনীতির চড়া রোদ ছেড়ে লাইট-ক্যামেরা-অ্যাকশনের চেনা দুনিয়াতেই যে তিনি স্বাচ্ছন্দ্য খুঁজছেন, তা স্পষ্ট। শুধু তাই নয়, কয়েক দিনের জ্বর সারিয়েই জিমে ফিরেছেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে জিম করার ছবি দিয়ে লিখেছেন ‘রিকভারি’।

কেন এই ফিরে আসা? সম্প্রতি এক সাক্ষাৎকারে সায়ন্তিকা জানিয়েছেন, গত কয়েক বছর রাজনীতির মাঠে দিনরাত এক করে পরিশ্রম করতে গিয়ে নিজের শরীরের দিকে একদমই নজর দিতে পারেননি। অনিয়মিত খাওয়া-দাওয়া আর রোদে ঘোরার ফলে ওজন বেড়েছে, হারিয়েছে গ্ল্যামারও। সায়ন্তিকার কথায়, “আমার আসল পেশা অভিনয়, আমি সেখানেই মন দিতে চাই। ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য নিজেকে আবার নতুন করে তৈরি করছি।”

রাজনৈতিক মহলের মতে, সজল ঘোষের কাছে হার এবং বর্তমান সমীকরণ বিচার করেই সায়ন্তিকা এই সিদ্ধান্ত নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি শরীরচর্চায় ডুব দিয়ে তিনি এখন নিজেকে পুরোপুরি ‘টলিউড রেডি’ করতে ব্যস্ত। এখন দেখার, রুপোলি পর্দায় তাঁর এই দ্বিতীয় ইনিংস কতটা সফল হয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy