উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মাকে নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বিহারের এক মাদ্রাসা ইমামকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। ধৃতের নাম মৌলানা আবদুল্লাহ সালিম চতুর্বেদী, যিনি বিহারের আরারিয়া জেলার বাসিন্দা। রমজান মাসে এক ধর্মীয় সভায় বক্তব্য রাখার সময় উত্তরপ্রদেশের গো-হত্যা বিরোধী আইনের সমালোচনা করতে গিয়ে তিনি যোগীজির মাতাকে নিয়ে অত্যন্ত কুরুচিকর ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ।
সেই বক্তৃতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই উত্তরপ্রদেশ জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বাহরাইচ, বলরামপুর সহ রাজ্যের বিভিন্ন জেলায় ওই মৌলানার বিরুদ্ধে ৮০টিরও বেশি এফআইআর দায়ের করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হতেই সক্রিয় হয় এসটিএফ। সোমবার রাতে বিহারের পূর্ণিয়া থেকে তাঁকে আটক করে উত্তরপ্রদেশে নিয়ে আসা হয়েছে। লখনউ সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীরা মৌলানার কুশপুতুল দাহ করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তাঁদের মতে, আদর্শগত বিরোধ থাকতেই পারে, কিন্তু কোনোভাবেই জনসমক্ষে কারও মাকে অপমান করা মেনে নেওয়া যায় না। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।