বসন্তের শেষে তাপমাত্রার পারদের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে ডিমের দাম। মাসখানেক আগে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে আচমকা সস্তা হওয়া ডিম এখন মধ্যবিত্তের পকেটে টান দিচ্ছে। পাইকারি থেকে খুচরো— সব বাজারেই ডিমের গ্রাফ এখন ঊর্ধ্বমুখী। মাত্র এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে প্রতি ট্রে ডিমের দাম বেড়েছে ১২ টাকা।
ন্যাশনাল এগ কো-অর্ডিনেশন কমিটির (NECC) তথ্য অনুযায়ী, কলকাতায় ডিমের পাইকারি দর এখন পিস প্রতি ৫ টাকা ১০ পয়সা, অর্থাৎ এক ট্রে ডিমের দাম ১৫৩ টাকা। গত সপ্তাহেও যা ছিল ১৪১ টাকা। খুচরো বাজারে এর প্রভাব আরও ভয়াবহ। পাড়ার দোকানে এখন এক পিস ডিম বিকোচ্ছে ৬ টাকায়, আর এক ট্রে ডিম কিনতে ক্রেতাদের পকেট থেকে খসছে ১৬৫ থেকে ১৭০ টাকা। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে রফতানির জট কাটতেই জোগানে টান পড়েছে, যার ফলে ফের চেনা ছন্দে ফিরছে বাজারদর। আগামী দিনে এই দাম আরও বাড়ার আশঙ্কা করছেন বিক্রেতারা।