নরওয়ে দাবা টুর্নামেন্টে আবারও রূপকথার জন্ম দিলেন ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞাননন্দ। বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসনকে ক্লাসিক্যাল ফরম্যাটে টানা দ্বিতীয়বার হারিয়ে শোরগোল ফেলে দিলেন তিনি। নরওয়ের কিংবদন্তির বিরুদ্ধে ক্লাসিক্যাল ক্যাটাগরিতে এটি প্রজ্ঞাননন্দের তৃতীয় জয়।
ম্যাচ শেষে তরুণ এই দাবাড়ু স্পষ্ট জানিয়ে দিলেন, কার্লসনের নাম শুনে তিনি বিন্দুমাত্র বিচলিত নন। বরং বিশ্বের সেরা খেলোয়াড়ের মুখোমুখি হওয়া তাকে নিজের সেরাটা দেওয়ার অনুপ্রেরণা জোগায়। প্রজ্ঞাননন্দ বলেন, “কার্লসনকে যেকোনো ফরম্যাটেই হারানো দারুণ ব্যাপার। তবে ক্লাসিক্যাল ফরম্যাটে জয় পাওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এতে তিন পয়েন্ট পাওয়া যায়।”
সবচেয়ে নজর কেড়েছে তাঁর খেলার কৌশল। কালো ঘুঁটি (ব্ল্যাক পিসেস) নিয়ে যেভাবে তিনি কার্লসনকে কোণঠাসা করেছেন, তা দাবা মহলে বিস্ময় জাগিয়েছে। এর আগে সাদা ঘুঁটি নিয়েও তিনি কার্লসনকে পরাজিত করেছিলেন। প্রজ্ঞার কথায়, “কার্লসনের উপস্থিতি আমাকে কোনো চাপে ফেলে না। আমি তাঁর বিরুদ্ধে খেলতে ভালোবাসি, কারণ তিনি সব সময়ই কঠিন লড়াই উপহার দেন।” বর্তমান ফর্ম এবং আত্মবিশ্বাস বজায় রাখলে প্রজ্ঞাননন্দ যে আগামী দিনে বিশ্ব দাবায় নতুন যুগের সূচনা করবেন, তা বলাই বাহুল্য।





