তিব্বতের আকাশে সম্প্রতি এক শ্বাসরুদ্ধকর ও রহস্যময় প্রাকৃতিক ঘটনার সাক্ষী হয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, প্রচণ্ড ঝড়ের মাঝে মেঘ থেকে নেমে আসছে রহস্যময় লাল আলোর বিশাল স্তম্ভ। দৃশ্যটি হুবহু কোনো সায়েন্স ফিকশন সিনেমার কথা মনে করিয়ে দেয়। বিজ্ঞানীরা একে বলছেন ‘রেড স্প্রাইট’।
আসলে রেড স্প্রাইট হলো এক ধরনের অত্যন্ত বিরল বজ্রপাত। সাধারণ বজ্রপাত মাটির দিকে হলেও, এগুলো ঘটে ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ থেকে ৯০ কিলোমিটার উপরে, বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্তরে। বিজ্ঞানীরা একে ‘ক্ষণস্থায়ী আলোকীয় ঘটনা’ বা TLE নামে অভিহিত করেন। জেলিফিশ, গাজর কিংবা প্রসারিত গাছের ডালের মতো অদ্ভুত সব আকৃতিতে এগুলো আকাশে ফুটে ওঠে।
এই রহস্যময় লাল রঙের কারণ হলো নাইট্রোজেন গ্যাস। শক্তিশালী বজ্রপাতের সময় বায়ুমণ্ডলের উপরের স্তরে এক প্রবল বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়। সেই বিদ্যুৎ যখন বাতাসের নাইট্রোজেন অণুর সঙ্গে সংঘর্ষ ঘটায়, তখনই উজ্জ্বল লাল আলোর সৃষ্টি হয়। তিব্বতের মতো উচ্চস্থান, যেখানে বায়ুমণ্ডল অত্যন্ত স্বচ্ছ এবং আলোক দূষণ প্রায় নেই, সেখানে এই দৃশ্যগুলো সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায়। চোখের পলকে অদৃশ্য হয়ে যাওয়া এই আলোর ঝলকানি ক্যামেরায় ধরা পড়ায় এখন তা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। প্রকৃতির এই অদ্ভুত ও মনোমুগ্ধকর খেলায় বিজ্ঞানীরা আবারও নতুন করে অনুসন্ধানে নেমেছেন।





