ভোপালে আইটি পেশাদার তথা অন্তঃসত্ত্বা তরুণী ত্বিশা শর্মার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে তোলপাড় চলছে। পণের দাবিতে আইনজীবী স্বামী সমর্থ সিংহ ও শাশুড়ি গিরিবালা সিংহের বিরুদ্ধে নির্মম মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করেই এবার সোশ্যাল মিডিয়ায় তীব্র গর্জন করলেন বলিউডের ‘কুইন’ কঙ্গনা রনৌত। নারীদের উপর চলা ধারাবাহিক অত্যাচার ও সমাজের কুৎসিত পিতৃতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে ফের একবার চাঁছাছোলা ভাষায় তোপ দাগলেন তিনি।
কঙ্গনা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে জানান, ভারতীয় সমাজে শিক্ষিত নারীরাও যখন নিজের শ্বশুরবাড়িতে দমবন্ধ পরিস্থিতি থেকে মুক্তি পেতে পরিবারের সাহায্য চান, তখন সমাজের একাংশ বিবাহিত মেয়েদের সমস্যাকে পাত্তাই দিতে চায় না। আমাদের সমাজব্যবস্থায় এখনও ‘বিবাহিত মেয়েদের পরিত্যাগ করার’ এক ভয়ঙ্কর প্রবণতা দেখা যায়। বহু পরিবার মুখ বুজে অত্যাচার সহ্য করার পরামর্শ দেয়, যা মেয়েদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।
নারীদের উদ্দেশে কঙ্গনার বার্তা অত্যন্ত স্পষ্ট— সম্পর্ক কখনও নিজের কেরিয়ার, পেশা বা আত্মপরিচয়ের চেয়ে বড় হতে পারে না। নিজের আর্থিক স্বাধীনতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। বিয়ে প্রসঙ্গেও তিনি খোলসা করে বলেন, পুরোপুরি স্বাবলম্বী হওয়ার পরেই নারীদের বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত। মেয়েদের জীবনের “রক্ষাকর্তা” অন্য কেউ হবে না, নিজেদেরই হতে হবে। বাইরের কারও উপর নির্ভর না করে নিজের পরিচয় ও শক্তিতে জীবন গড়ার এই আহ্বান ইতিমধ্যেই নেটপাড়ায় ঝড় তুলেছে।





