সপ্তাহের শেষে সোনারুপোর বাজারে ব্যাপক অস্থিরতা। একদিকে সাধারণ খুচরো বাজারে প্রতি গ্রাম সোনার দাম ৩০ টাকা করে কমলেও, অন্যদিকে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) হু হু করে বাড়ছে দাম। গত দুই ট্রেডিং সেশনে ক্রমাগত ঊর্ধ্বমুখী সোনা ও রুপো। শুক্রবার বাজার খুলতেই রুপোর দাম কেজি প্রতি ২.৪৪ লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছে। তবে বিনিয়োগকারীদের জন্য স্বস্তির খবর হলো, আকাশছোঁয়া দামের তুলনায় এখনও অনেকটাই সস্তায় মিলছে এই দুই মূল্যবান ধাতু।
আজকের বাজার দর (২০ ফেব্রুয়ারি, ২০২৬): আজ খুচরো বাজারে ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ১৪,৩১৫ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেটের দাম দাঁড়িয়েছে ১৫,৬১৭ টাকায়। ১৮ ক্যারেটের সোনা বিকোচ্ছে ১১,৭১৩ টাকায়। এর সঙ্গে যুক্ত হবে জিএসটি। রুপোর দাম কেজি প্রতি রয়েছে ২ লক্ষ ৭০ হাজার টাকা।
MCX-এর লম্ফঝম্প: শুক্রবার সকালে ৫ মার্চের মেয়াদের জন্য রুপোর দাম কেজি প্রতি ২৪৪,৮০২ টাকায় খুলেছে। অর্থাৎ মাত্র এক দিনেই ৩,৪০৯ টাকা বৃদ্ধি পেয়েছে রুপোর দাম। গত দু’দিনে এই বৃদ্ধির পরিমাণ ১৬,০১৯ টাকা। একইভাবে সোনার দামও ১০ গ্রাম প্রতি ৫৬৭ টাকা বেড়েছে। বর্তমানে ১০ গ্রাম সোনা MCX-এ ১,৫৫,৩৮৬ টাকায় লেনদেন হচ্ছে।
সর্বোচ্চ দামের থেকে কতটা সস্তা? গত ২৯ জানুয়ারি রুপোর দাম ৪.২০ লক্ষ টাকার ঐতিহাসিক স্তর অতিক্রম করেছিল। সেই তুলনায় বর্তমান দাম প্রায় ১.৭৫ লক্ষ টাকা কম। অন্যদিকে, সোনাও তার সর্বকালের সর্বোচ্চ ১৯৩,০৯৬ টাকা (১০ গ্রাম) থেকে বর্তমানে প্রায় ৩৭,৭১০ টাকা সস্তায় পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্ব বাজারের অস্থিরতার কারণেই দামের এই ঘন ঘন পরিবর্তন।