মমতা-অভিষেকের বিরুদ্ধে বিস্ফোরক সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা! শুভেন্দুর প্রশংসায় কী বললেন তিনি?

লোকসভা নির্বাচনের পর থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে অস্বস্তি ক্রমশ বাড়ছে। এবার সরাসরি দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক সঙ্গীতা রায়। স্বামী তথা কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার পর এবার তিনিও প্রকাশ্যে তৃণমূলের ‘বিক্ষুব্ধ’ শিবিরের অবস্থান পরিষ্কার করলেন।

কেন তৃণমূল ছেড়ে শুভেন্দু শিবিরে? ভোটের ফল ঘোষণার পর থেকেই দলীয় নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন সঙ্গীতা। বিধায়কের দাবি, জয়ের দিন কাউন্টিং সেন্টারে তাঁর কর্মীদের ওপর হামলার সময় তিনি বারবার দলের শীর্ষ নেতৃত্বের কাছে সাহায্য চেয়েও সাড়া পাননি। সঙ্গীতার অভিযোগ, “আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার ফোন করে সাহায্য চেয়েছিলাম, কিন্তু কেউ উত্তর দেননি। যে দল বিপদের দিনে পাশে দাঁড়াতে পারে না, সেই দলের নেতা রেখে কী লাভ?”

‘ছেলের অসুস্থতা নিয়েও অমানবিক আচরণ’ তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষোভ উগড়ে দিয়ে সঙ্গীতা বলেন, “আমার ছেলের কিডনিতে স্টোন হয়েছিল। সেই সময় শপথ নিতে কলকাতায় যাই। আমি তাদের জানিয়েছিলাম, ছেলেকে দিল্লি নিয়ে গিয়ে অপারেশন করতে হবে। অথচ, মমতা বা অভিষেক কেউই একবার জানতে চাননি ছেলে কেমন আছে। উল্টে আমাকে প্রমাণ করতে হয়েছে ছেলে অসুস্থ—ছেলের ছবি তুলে পাঠাতে হয়েছে ডেরেক ও’ব্রায়েনকে। একজন মা কখনও সন্তানের অসুস্থতা নিয়ে মিথ্যে বলতে পারেন না।”

শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ দলের নেতৃত্বের প্রতি তীব্র অনাস্থা প্রকাশ করলেও, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় বিধায়ক সঙ্গীতা রায়কে দেখা গেছে ভিন্ন মেজাজে। দিল্লিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, “দিল্লিতে শুভেন্দুদা আমার সঙ্গে দেখা করার পর যেভাবে কথা বললেন, তা আমি আশা করিনি। উনি আমার ছেলের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন। আমার অসুস্থ সন্তানকে নিয়ে চিন্তিত হয়ে উনিই পরামর্শ দিলেন, এখনই দিল্লি থেকে বাড়ি না ফিরতে। শুভেন্দুদার এই মানবিক রূপ আমাকে অবাক করেছে।”

তৃণমূল বিধায়কের এই মন্তব্য ও শুভেন্দু অধিকারীর প্রতি তাঁর এই সমর্থন রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। দলের ২০০ কর্মীর নিরাপত্তা ও সম্মান রক্ষা করাই এখন তাঁর প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন সিতাইয়ের এই বিধায়ক।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy