মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাসুল দিচ্ছে ভারত! এক লাফে ২৫ শতাংশ বাড়ল শিল্পক্ষেত্রে ডিজেলের দাম

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান ইরান-ইজরায়েল সংঘাতের সরাসরি প্রভাব পড়ল ভারতের জ্বালানি বাজারে। প্রমিয়াম পেট্রোলের পর এবার রেকর্ড হারে বাড়ল শিল্পক্ষেত্রে ব্যবহৃত ডিজেলের দাম। ইন্ডিয়ান অয়েল (IOCL) এবং ভারত পেট্রোলিয়াম (BPCL)-এর মতো রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলো শিল্পক্ষেত্রে ব্যবহৃত ডিজেলের দাম লিটার প্রতি ২৮ টাকা ২২ পয়সা বৃদ্ধি করেছে। এই মূল্যবৃদ্ধির হার ২৫ শতাংশেরও বেশি।

বর্তমানে শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ১৩৭ টাকা ৮১ পয়সা। মূলত হাই-স্পিড ডিজেল (HSD), যা বড় কারখানা, বিদ্যুৎ কেন্দ্র ও লজিস্টিক সেক্টরে ব্যবহৃত হয়, তার ক্ষেত্রেই এই নয়া দাম প্রযোজ্য হবে। সংস্থাগুলোর দাবি, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০৮.৪০ ডলারে পৌঁছে যাওয়ায় এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে আশার কথা এই যে, সাধারণ মানুষের ব্যক্তিগত যানবাহনে ব্যবহৃত সাধারণ পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন করা হয়নি।

গত দুই সপ্তাহের মধ্যে এটি শিল্পক্ষেত্রে দ্বিতীয় বড় মূল্যবৃদ্ধি। এর আগে ২০ মার্চ দিল্লিতে এই ডিজেলের দাম ৮৭ টাকা ৬৭ পয়সা থেকে বাড়িয়ে ১০৯ টাকা ৫৯ পয়সা করা হয়েছিল। শুধু ডিজেল নয়, ফার্নেস তেলের দামও লিটার প্রতি ২৩ টাকা ৭৭ পয়সা বাড়ানো হয়েছে। এছাড়া ইন্ডিয়ান অয়েলের প্রিমিয়াম পেট্রোল ‘এক্সপি ১০০’-এর দাম লিটার প্রতি ১৪৯ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬০ টাকা। বিশেষজ্ঞদের মতে, শিল্পক্ষেত্রে ডিজেলের এই বিপুল মূল্যবৃদ্ধির ফলে পণ্য পরিবহন ও উৎপাদন খরচ বাড়বে, যার জেরে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার প্রবল আশঙ্কা রয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy