মডেল ও অভিনেত্রী ত্বিশা শর্মার মৃত্যু রহস্যে নতুন মোড়। পুলিশ হেফাজতে থাকা অভিযুক্ত স্বামী সমর্থ সিংকে আজ ভোপাল আদালতে তোলা হচ্ছে। তদন্তের প্রয়োজনে সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ। জবলপুরে আত্মসমর্পণ করা সমর্থকে শনিবার ভোরে কাটারা হিলস থানায় নিয়ে আসা হয়। মামলার গুরুত্ব বুঝে বার কাউন্সিল অফ ইন্ডিয়া (BCI) সমর্থের আইন পেশার লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে; অর্থাৎ বিভাগীয় কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তিনি কোনো আদালতে প্র্যাকটিস করতে পারবেন না।
তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে অবশ্য তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কেন দীর্ঘ দশ দিন সমর্থ পলাতক ছিলেন এবং শাশুড়ি গিরিবালাকে কেন এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি, তার কোনো সদুত্তর দিতে পারেননি পুলিশ কমিশনার। যদিও পুলিশের দাবি, তারা নিয়ম মেনেই তদন্ত চালাচ্ছে। এরই মধ্যে ভোপাল এইমস-এ ত্বিশার মৃতদেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। দিল্লি এইমস-এর প্রখ্যাত চিকিৎসক ড. সুধীর গুপ্তের নেতৃত্বে একটি বিশেষ দল এই ময়নাতদন্ত করবেন।
উল্লেখ্য, গত ১২ মে ভোপালের কাটারা হিলসে শ্বশুরবাড়িতে রহস্যজনকভাবে মৃত্যু হয় ত্বিশার। শ্বশুরবাড়ির দাবি এটি আত্মহত্যা, অন্যদিকে ত্বিশার বাবা-মা যৌতুক ও নির্যাতনের মাধ্যমে হত্যার অভিযোগ তুলেছেন। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট নিয়ে পরিবারের অবিশ্বাসের জেরেই আদালতের নির্দেশে এই দ্বিতীয় ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন রিমান্ডে নিয়ে সমর্থকে জিজ্ঞাসাবাদের মাধ্যমেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ।





