ছাব্বিশের বিধানসভা ভোটের প্রথম দফার ঠিক আট দিন আগে রাজ্য রাজনীতিতে আছড়ে পড়ল এক নতুন বিতর্ক। আই-প্যাক কাণ্ড নিয়ে উত্তেজনার মাঝেই এবার সরাসরি ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে কড়া তল্লাশি চালানোর জন্য কমিশনের এক আধিকারিক হোয়াটসঅ্যাপে নির্দেশ দিয়েছেন— এমনটাই দাবি জোড়াফুল শিবিরের।
সম্প্রতি এক ভার্চুয়াল বৈঠকে দলীয় কর্মীদের সামনে একটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট তুলে ধরেন অভিষেক। সেখানে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলের সমস্ত মন্ত্রী, নেতা এবং খোদ অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। স্ক্রিনশটে আরও দাবি করা হয়েছে যে, নির্বাচনের টাকা অভিষেক-পত্নীর মাধ্যমে আদান-প্রদান হতে পারে, এমন সন্দেহের বশেই এই পদক্ষেপ।
এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “নির্বাচন কমিশন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজ করছে।” এই ইস্যুতে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি আই-প্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলের গ্রেফতারি নিয়েও কড়া সুর চড়িয়েছেন তিনি। যদিও কমিশনের পক্ষ থেকে এই ভাইরালের সত্যতা নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি, তবে ভোটের মুখে এই ঘটনায় রাজনৈতিক পারদ তুঙ্গে।





