ভোটের মুখে বলাগড় তৃণমূলে বড়সড় ভাঙন! হঠাৎ কেন পদ ছাড়লেন অঞ্চল সভাপতি দেবাশিস?

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই হুগলির বলাগড় ব্লকে জোর ধাক্কা খেল শাসকদল তৃণমূল কংগ্রেস। জিরাট অঞ্চলের নবনিযুক্ত সভাপতি দেবাশিস সরকার আচমকা পদত্যাগ করে জেলা সভাপতিকে চিঠি পাঠিয়েছেন। তাঁর এই ইস্তফাপত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই দেবাশিসকে নিয়ে গুঞ্জন ছিল, কিন্তু প্রধান পদে তাঁকে না বসিয়ে বসানো হয়েছিল তপন দাসকে। সম্প্রতি তপন দাসের মৃত্যুর পর দেবাশিসকে অঞ্চল সভাপতির দায়িত্ব দেওয়া হলেও মাত্র এক মাসের মাথায় তিনি সরে দাঁড়ালেন।

ইস্তফাপত্রে দেবাশিস জানিয়েছেন, জেলা নেতৃত্বের অনুরোধে দায়িত্ব নিলেও বর্তমানে সময় দিতে পারছেন না তিনি। তবে এই যুক্তি মানতে নারাজ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। বলাগড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিনের। বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর সময় থেকেই ‘বহিরাগত’ তত্ত্বে বিদ্ধ দল। এবার জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারাকে প্রার্থী করায় ফের অসন্তোষের মেঘ ঘনিয়েছে। ব্লক কোর কমিটির সদস্য সঞ্জয় রায় জানান, দেবাশিস দলের গুরুত্বপূর্ণ সদস্য, এভাবে সোশ্যাল মিডিয়ায় ইস্তফা না দিয়ে দলের অন্দরে আলোচনা করলেই ভালো হতো। লোকসভা ভোটে পিছিয়ে থাকা বলাগড় পুনরুদ্ধারের লড়াইয়ে এই ইস্তফা তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ বাড়াল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy