ভোটের আগে আপনার ব্যাগে কেউ কিছু ঢুকিয়ে দেবে না তো? দমদমে দাঁড়িয়ে ভয়ঙ্কর আশঙ্কার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

প্রথম দফার ভোটের ঠিক সাত দিন আগে দমদম সেন্ট্রাল জেল ময়দান থেকে হুঙ্কার ছাড়লেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে এই জনসভা থেকে একদিকে যেমন কেন্দ্রীয় এজেন্সির অতি-তৎপরতা নিয়ে তোপ দাগলেন তিনি, অন্যদিকে ভোটার ও কর্মীদের দিলেন এক চাঞ্চল্যকর সতর্কবার্তা।

ব্যাগে নজর রাখুন, হুঁশিয়ারি মমতার: নাকা তল্লাশি এবং গাড়ি তল্লাশি নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করে মমতা বলেন, “মাঝে মাঝে ব্যাগ চেক করছে। খুব সাবধান সবাই। নিজেদের ব্যাগ খুব সাবধানে রাখবেন। আপনার ব্যাগে যেন বাইরের কেউ কোনো কিছু ঢুকিয়ে না দেয়।” এর পরপরই তাঁর বিস্ফোরক মন্তব্য, “গাঁজা কেস দিতে দিতে খাজা হয়ে যাবে।” অর্থাৎ, তল্লাশির নামে কেউ যেন ব্যাগে আপত্তিকর কিছু ঢুকিয়ে দিয়ে ফাঁসাতে না পারে, সেই বিষয়েই বড়সড় ইঙ্গিত দিলেন নেত্রী।

এজেন্সিকে ‘লিগ্যাল অ্যাকশন’-এর হুঁশিয়ারি: এদিন সকালেই রাসবিহারীর প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা নিয়ে সরব হন মমতা। তিনি বলেন:

  • “আমি লিগ্যাল অ্যাকশন নেব, যতটা পারব। নির্বাচনের আগে কেন এই রেড? একবার কেন, দশবার করো, কিন্তু ভোটের পরে করো।”

  • কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে তাঁর বার্তা, “আপনারা নিরপেক্ষ ভাবে কাজ করুন। আপনারা কোনো দলের নন, দেশের সংস্থা। যতই দিক টাকা (বিজেপি), করে দিন ফাঁকা। মর্যাদার সঙ্গে বাঁচতে হবে।”

দেবাশিস কুমারের পাশে মমতা: দেবাশিস কুমারের মেয়ে ও জামাইয়ের প্রসঙ্গ টেনে মমতা বলেন, তাঁরা অত্যন্ত শিক্ষিত। তাঁদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। এসআইআর (SIR) বা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে যে সংশয় চলছে, তা নিয়েও এদিন সুর চড়ান তিনি।

ভোটের মুখে তিলোত্তমার বুকেই যখন ইডি-আয়কর হানা নিয়ে তোলপাড় চলছে, তখন দমদম ময়দান থেকে মমতার এই ‘ব্যাগ সাবধানে রাখা’র পরামর্শ রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে। বিরোধীরা অবশ্য একে ‘ভয় দেখানোর রাজনীতি’ বলে পাল্টা কটাক্ষ করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy