“ভোট ভ্যানিশ করতে গেলে নিজেরাই ফিনিশ হবেন!”-নবান্ন থেকে সরাসরি হুঁশিয়ারি মমতার

লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে সংঘাতের নতুন মাত্রা! মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে ভারতের নির্বাচন কমিশনকে (ECI) নজিরবিহীন আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের কাজকে ‘হিটলারি শাসন’ ও ‘তুঘলকি আচরণ’-এর সঙ্গে তুলনা করে ওপার বাংলার উদাহরণ টানলেন তিনি।

বাংলাদেশের উদাহরণ টেনে কটাক্ষ সম্প্রতি বাংলাদেশে হয়ে যাওয়া সাধারণ নির্বাচনের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “ওঁদের দেখা উচিত। কয়েকদিন আগেই বাংলাদেশে ভোট হলো। সবাই ভেবেছিল অশান্তি হবে, কিন্তু কেমন শান্তিপূর্ণভাবে হলো? গণতান্ত্রিক ভারতে কমিশনের লজ্জা হওয়া উচিত।” উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির ওই নির্বাচনে বিপুল জয় পেয়েছে তারেক রহমানের বিএনপি। সেই উদাহরণ টেনেই দিল্লির কমিশনকে বিঁধেছেন মমতা।

SIR নিয়ে চরম সংঘাত ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা SIR (Special Intensive Revision) শুরু হওয়ার পর থেকেই কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল। মুখ্যমন্ত্রীর সাফ অভিযোগ, বাংলায় পক্ষপাতদুষ্ট কাজ চলছে। তিনি প্রশ্ন তোলেন, বিহারে যে সমস্ত নথি গ্রহণ করা হয়েছে, বাংলায় তা কেন বাতিল করা হচ্ছে? তাঁর দাবি, ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্য ‘দু’নম্বরি’ কারবার চলছে।

ERO সাসপেনশন: ‘চোরও তো সুযোগ পায়!’ রাজ্যের সাতজন ERO আধিকারিককে সাসপেন্ড করা নিয়ে মেজাজ হারান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “একটা চোর চুরি করলেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়। সেখানে আধিকারিকদের বিনা প্রশ্নে সাসপেন্ড কেন?” ভোটের মাত্র তিন মাস আগে কেন হঠাৎ এই তোড়জোড়, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

‘ভ্যানিশ করতে গিয়ে ফিনিশ হবেন’ কমিশনের ‘থ্রেট কালচার’ গণতন্ত্রকে ধ্বংস করছে বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দেন, “আমাদের দমানোর যতই চেষ্টা করুন, জনগণের ভোট ভ্যানিশ করতে গিয়ে আপনারা নিজেরাই ফিনিশ হয়ে যাবেন।” রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে নির্বাচন কমিশন বনাম নবান্নের এই যুদ্ধ এখন যে পর্যায়ে পৌঁছেছে, তাতে আসন্ন নির্বাচনী প্রক্রিয়ায় বড়সড় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy