ভারতে আমেরিকার ২৫ শতাংশ শুল্ক আরোপ, নতুন সংকটের মুখে ভারত-মার্কিন সম্পর্ক

বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ১লা আগস্ট থেকে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম ও তেল কেনার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন।

ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু। তারা উচ্চ শুল্ক নেয় বলে আমরা তাদের সঙ্গে ব্যবসা কমিয়ে দিয়েছিলাম। পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি শুল্ক নেয়।” এরপরই ভারত-রাশিয়ার সম্পর্ক প্রসঙ্গে তিনি লেখেন, “তারা (ভারত) রাশিয়ার কাছ থেকে প্রচুর সামরিক সরঞ্জাম কিনেছে এবং রাশিয়ার কাছ থেকে সবচেয়ে বেশি জ্বালানিও কেনে। এমন এক সময়ে যখন সবাই চাইছে রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করুক… এই সবকিছুই ভালো নয়।” এরপরই ট্রাম্প ভারতের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন।

ভারতের প্রতিক্রিয়া ও বাণিজ্য চুক্তির প্রেক্ষাপট
এর আগে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে জানিয়েছিলেন যে, চুক্তি তখনই কার্যকর হবে যখন তাতে উভয় দেশের জনগণ লাভবান হবেন। গত ৪ জুলাই তিনি বলেছিলেন, “জনগণের ওপর কী প্রভাব পড়ছে, সেই ভাবনা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে কথা মাথায় রেখে যদি কোনো চুক্তি হয়, তবে ভারত সর্বদা প্রস্তুত।”

সম্প্রতি আমেরিকা ইন্দোনেশিয়ার বাজারে ‘জিরো ট্যারিফ ডিল’-এর মাধ্যমে প্রবেশ করেছে। তবে, ইন্দোনেশিয়াকে আমেরিকায় তাদের পণ্য রপ্তানি করতে হলে ১৯ শতাংশ শুল্ক দিতে হবে, যা পূর্বে ১০ শতাংশ ছিল। এমন পরিস্থিতিতে ধারণা করা হচ্ছিল যে, ট্রাম্প ভারতের সঙ্গেও একই ধরনের চুক্তি করতে পারেন। ট্রাম্প নিজেও ইঙ্গিত দিয়েছিলেন যে, শীঘ্রই ভারতের সঙ্গে একই রকম বাণিজ্য চুক্তি হতে পারে। তবে বর্তমানের এই ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্কে নতুন জটিলতা তৈরি করবে বলে মনে করা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy