রাজ্যের শাসকদলের শীর্ষ নেতা তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপুল সম্পত্তি নিয়ে এবার সরাসরি তদন্তের দাবি তুললেন বহরমপুরের প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। একের পর এক দুর্নীতি ইস্যুতে শাসকদলকে আগেই কাঠগড়ায় তুলেছিলেন অধীর, এবার সেই সুর আরও চড়িয়ে তিনি অভিষেককে তীব্র আক্রমণ করলেন।
অধীর চৌধুরীর দাবি, বাংলায় সরকারি প্রকল্পে যে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে, তার সিংহভাগই গিয়েছে ‘খোকাবাবু’র পকেটে। এদিন সাংবাদিক বৈঠকে অত্যন্ত চাঁচাছোলা ভাষায় অধীর বলেন, “বাংলায় যা কিছু চুরি হয়েছে, তার সবকিছুর ভাগ খেয়েছে খোকাবাবু। তাঁর এই বিপুল সম্পত্তির উৎস কী এবং কীভাবে এত সম্পদ বৃদ্ধি হলো, তা নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া একান্ত প্রয়োজন।”
অধীরের এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্নীতির অভিযোগে বিদ্ধ তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডকে লক্ষ্য করে অধীর চৌধুরীর এই দাবি শাসক-বিরোধী তরজাকে আরও উসকে দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন দেখার, অধীরের এই চ্যালেঞ্জের পাল্টা কোনো প্রতিক্রিয়া আসে কি না।





