ভয়াল সোমবার! মহারাষ্ট্র ও গুজরাতে পৃথক দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

সোমবার সকালে মহারাষ্ট্রের থানে জেলার কল্যাণে এক ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল দেশ। রাইতা ব্রিজের কাছে একটি ইকো ভ্যানের সঙ্গে সিমেন্ট মিক্সার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ১১ জন যাত্রী। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে আটজন পুরুষ ও তিনজন মহিলা রয়েছেন। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, মারুতি ভ্যানটি কার্যত লোহার স্তূপে পরিণত হয়।

স্থানীয় সূত্রে খবর, কল্যাণ থেকে মুরবাদের দিকে যাচ্ছিল ইকো গাড়িটি। রাইতা কল্যাণ-অহিল্যানগর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সিমেন্ট মিক্সার ট্রাকটিকে ধাক্কা মারে। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে দেখেন, গাড়ির যন্ত্রাংশের ভেতরে আটকে রয়েছেন রক্তাক্ত যাত্রীরা। পুলিশ ও উদ্ধারকারী দল গ্যাস কাটার দিয়ে গাড়ির অংশ কেটে অনেক কষ্টে দেহগুলি উদ্ধার করে। এই ঘটনায় গুরুতর জখম আরও ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

অন্যদিকে, আজ ভোররাতে গুজরাতের সুরেন্দ্রনগরেও ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। একটি অনিয়ন্ত্রিত ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে ৭ পুণ্যার্থীর। তাঁরা রাজকোট থেকে মন্দিরে যাচ্ছিলেন। একদিনে দুই রাজ্যে জাতীয় সড়কে এই মৃত্যুমিছিলে শোকের ছায়া নেমেছে গোটা দেশে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy