বাংলার বিধানসভা ভোটের আগে পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে। এবার নজর কাড়ছে খাস কলকাতা এবং নন্দীগ্রাম। সূত্রের খবর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে এক মেগা পরিকল্পনা সাজিয়েছে বিজেপি। নন্দীগ্রামের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক ভবানীপুর থেকেও তাঁকে প্রার্থী করার সম্ভাবনা জোরালো হচ্ছে। আজ, শনিবারই এই বিষয়ে সিলমোহর পড়তে পারে বলে গেরুয়া শিবির সূত্রে খবর।
অধিকারী পরিবারের ডাবল ধামাকা? রাজনৈতিক মহলে গুঞ্জন, শুধু শুভেন্দু নন, তাঁর ভাই দিব্যেন্দু অধিকারীকেও এবার নির্বাচনী ময়দানে নামাতে পারে বিজেপি। তাঁকে উত্তর কাঁথি কেন্দ্র থেকে প্রার্থী করার কথা ভাবছে দল। এর ফলে অধিকারীদের গড়ে পদ্ম শিবির আরও শক্তিশালী হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ভবানীপুরে ‘বিজেপি ওয়ার রুম’ ও তৃণমূলের চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া টক্কর দিতে ভবানীপুরের চক্রবেড়িয়া রোডে একটি দোতলা বাড়ির নিচে তৈরি করা হয়েছে অত্যাধুনিক ‘ইলেকশন ওয়ার রুম’। ২০১৪-র লোকসভা ভোটের ফলের রেশ টেনে বিজেপি দাবি করছে, এই কেন্দ্রের বেশ কিছু ওয়ার্ডে তারা তৃণমূলের থেকে এগিয়ে। অন্যদিকে, তৃণমূল এই জল্পনায় পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বলেছে, “যদি সাহস থাকে, তবে শুভেন্দু অধিকারী শুধু ভবানীপুরেই লড়ুন, দু’জায়গায় নয়।”
উন্নয়নের খতিয়ান বনাম নন্দীগ্রাম মডেল তৃণমূলের আক্রমণের মাঝেই গত চার বছরে নন্দীগ্রামে কী কী কাজ করেছেন, তার শ্বেতপত্র প্রকাশ করেছেন শুভেন্দু। ‘উন্নয়নের খতিয়ান ২০২১-২০২৫’ শীর্ষক সেই রিপোর্টে কৃষি, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবি করেছেন তিনি।
পুরনো লড়াইয়ের পুনরাবৃত্তি? ২০২১-এর বিধানসভা ভোটে নন্দীগ্রামে মমতাকে হারিয়েছিলেন শুভেন্দু। এবার লড়াইয়ের মাঠ যদি ভবানীপুর হয়, তবে তা হবে মেগা ফাইনাল। রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে, সবার নজর আজকের বিজেপি প্রার্থী তালিকার দিকে।