ব্যারাকপুরে তাণ্ডব! প্রতিবাদ করায় ৮১ বছরের বৃদ্ধের পেটে লাথি মারলেন তৃণমূল কাউন্সিলর? মর্মান্তিক মৃত্যু

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে এক মর্মান্তিক ও শিউরে ওঠা ঘটনার সাক্ষী থাকল মণিরামপুর এলাকা। প্রতিবেশীর বেআইনি নির্মাণের প্রতিবাদ জানানোয় ৮১ বছরের বৃদ্ধ তুলসী চরণ অধিকারীকে লাথি মারার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কাউন্সিলর রবীন ভট্টাচার্যের বিরুদ্ধে। ওই লাথির আঘাতেই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার বিকেলে উত্তর ব্যারাকপুর জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

পরিবার সূত্রে খবর, ২৩ নম্বর ওয়ার্ডের মণিরামপুর এলাকায় একটি বেআইনি নির্মাণ নিয়ে সরাসরি পুরসভায় অভিযোগ জানিয়েছিলেন তুলসীবাবু। কাউন্সিলরকে এড়িয়ে কেন উচ্চতর কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হলো, তা নিয়েই শুরু হয় বিবাদ। অভিযোগ, রবিবার দলবল নিয়ে বৃদ্ধের বাড়িতে চড়াও হন কাউন্সিলর রবীন ভট্টাচার্য। বৃদ্ধের ছেলেকে মারধর করতে দেখে প্রতিবাদ করেন তুলসীবাবু। অভিযোগ, তখনই কাউন্সিলর ওই ৮১ বছরের বৃদ্ধের পেটে সজোরে লাথি মারেন। মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধ, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃতের পুত্রবধূ পারমিতা অধিকারী কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমাদের অপরাধ কাউন্সিলরকে টপকে চেয়ারম্যানকে চিঠি দিয়েছি। সেই ইগো থেকেই উনি আমার শ্বশুরমশাইকে লাথি মেরে মেরে ফেললেন।” যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কাউন্সিলর। তাঁর দাবি, বৃদ্ধের ছেলে নিজেই তাঁকে হেনস্থা করেছে। ঘটনার পর থেকে এলাকায় পুলিশি টহল চলছে। ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের হলেও অভিযুক্ত কাউন্সিলর এখনও অধরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy