খাদের কিনার থেকে ঘুরে দাঁড়ানো কাকে বলে, তা চলতি আইপিএলে হাড়ে হাড়ে বুঝিয়ে দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম পাঁচ ম্যাচে হারের ধাক্কা সামলে টানা তিন জয়— নাইট শিবিরে এখন আত্মবিশ্বাসের তুঙ্গে। শুক্রবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিট্যালসের মুখোমুখি হওয়ার আগে কেকেআর ড্রেসিংরুমের মেজাজ এক্কেবারে বদলে গিয়েছে। প্রতিটি ম্যাচকেই এখন ‘ফাইনাল’ ধরে এগোতে চাইছে গৌতম গম্ভীরের উত্তরসূরিরা।
ব্র্যাভোর মন্ত্র: ‘ডু অর ডাই’
দলের মেন্টর ডোয়েন ব্র্যাভো স্পষ্ট করে দিয়েছেন, পয়েন্ট টেবিলের জটিল অঙ্ক নিয়ে তাঁরা এখন মাথা ঘামাতে নারাজ। তাঁর কথায়, “আমরা টেবিলের কোথায় আছি, সেটা বড় কথা নয়। ড্রেসিংরুমে কোচদের বার্তা খুব পরিষ্কার— মাঠে নামলে মনে করতে হবে এটাই টুর্নামেন্টের শেষ ম্যাচ। হারলেই বিদায়, এই মানসিকতা নিয়েই লড়তে হবে।” ব্র্যাভো আরও যোগ করেন যে, শুরুর বিপর্যয় কাটিয়ে টানা তিন জয় দলের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে।
বোলিংয়ে ধার ফিরলেও ব্যাটিংয়ে চিন্তার ভাঁজ
কেকেআর-এর এই রাজকীয় প্রত্যাবর্তনের মূলে রয়েছে বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনের ঘূর্ণি জাদু। ব্র্যাভোর মতে, বরুণের মতো বিশ্বমানের স্পিনারকে নিয়ে দলের কখনও সংশয় ছিল না। তবে চিন্তা বাড়াচ্ছে পেস বোলিং এবং ব্যাটারদের শট নির্বাচন। ক্যামেরন গ্রিন বা বৈভব অরোরাদের ছন্দে ফেরার লড়াই জারি থাকলেও আজ প্রথম একাদশে দেখা যেতে পারে শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানাকে।
ব্যাটিং নিয়ে ব্র্যাভোর অকপট স্বীকারোক্তি, “ব্যাটারদের প্রচেষ্টা নিয়ে প্রশ্ন নেই, কিন্তু অনেক সময় ভুল শট নির্বাচন বিপদ ডেকে আনছে। তবে আমি আশাবাদী, একটা ভালো ম্যাচ গেলেই এই বিধ্বংসী ব্যাটিং লাইনআপকে কেউ থামাতে পারবে না।”
পয়েন্ট টেবিলের লড়াই: ডিসি বনাম কেকেআর
অন্যদিকে, দিল্লি ক্যাপিট্যালস বর্তমানে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে। কেএল রাহুল ফর্মে থাকলেও দিল্লির ধারাবাহিকতার অভাব নাইটদের জন্য অ্যাডভান্টেজ হতে পারে। দিল্লিকে হারাতে পারলেই প্লে-অফের লড়াইয়ে এক লাফে অনেকটা এগিয়ে যাবে কেকেআর।
আইপিএল ২০২৬: ডিসি বনাম কেকেআর সম্ভাব্য একাদশ
কলকাতা নাইট রাইডার্স: ফিন অ্যালেন, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), আংক্রিশ রঘুবংশী (উইকেটকিপার), রিঙ্কু সিং, ক্যামেরন গ্রিন, রোভম্যান পাওয়েল, মনীশ পান্ডে, অনুকূল রায়, সুনীল নারিন, কার্তিক ত্যাগী, বরুণ চক্রবর্তী।
ইমপ্যাক্ট সাব: বৈভব অরোরা।
দিল্লি ক্যাপিট্যালস: পথুম নিসাঙ্কা, কেএল রাহুল (উইকেটকিপার), নীতীশ রানা, ত্রিস্তান স্টাবস, আশুতোষ শর্মা, সমীর রিজভি, অক্ষর প্যাটেল (অধিনায়ক), মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, লুঙ্গি এনগিডি, টি নটরাজন।
ইমপ্যাক্ট সাব: করুণ নায়ার।





