মানুষের জীবন বাঁচানোর জন্য জরুরি ভিত্তিতে রাস্তায় নামা অ্যাম্বুল্যান্সই বেঙ্গালুরুতে দু’টি তরতাজা প্রাণ কেড়ে নিল। শনিবার গভীর রাতে রিচমন্ড সার্কেলে (Richmond Circle) এক ভয়াবহ পথ দুর্ঘটনায় এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, দ্রুতগতিতে ছুটে আসা অ্যাম্বুল্যান্সটি লাল সিগনাল উপেক্ষা করায় এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত প্রায় ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। রিচমন্ড সার্কেলের কাছে সিগনাল লাল থাকায় বেশ কয়েকটি মোটরবাইক ও স্কুটার রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। সেই সময় পেছন দিক থেকে অত্যন্ত দ্রুতগতিতে অ্যাম্বুল্যান্সটি এসে পড়ে।
পরপর তিনটি বাইকে ধাক্কা, মুহূর্তে মৃত্যু
অ্যাম্বুল্যান্সটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পরপর তিনটি মোটরবাইককে ধাক্কা মারেন। একটি স্কুটারকে কয়েক মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় গাড়িটি, এরপর সেটি রাস্তার ধারে থাকা একটি পুলিশ আউটপোস্টে গিয়ে সজোরে ধাক্কা মারে।
এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান স্কুটার আরোহী ৪০ বছর বয়সী ইসমাইল এবং তাঁর স্ত্রী সামিন বানু। তাঁরা ডিও মডেলের স্কুটারে করে যাচ্ছিলেন। এছাড়া আরও দু’জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।
ক্ষোভ ও চাঞ্চল্য
দুর্ঘটনার পরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ও পথচারীরা মিলে দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুল্যান্সটি সরানোর চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে পাওয়া একটি ভিডিওতে ভাঙাচোরা মোটরবাইক ও ক্ষতিগ্রস্ত পুলিশ আউটপোস্টের দৃশ্য দেখা গিয়েছে, যা দুর্ঘটনার ভয়াবহতা প্রমাণ করে।
ঘটনার খবর পেয়ে উইলসন গার্ডেন ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা গেছে, অ্যাম্বুল্যান্সের চালক অশোককে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, রাতে ওই এলাকায় ট্রাফিক সিগনাল না মানার ঘটনা প্রায়ই ঘটে। জীবনদায়ী গাড়ির এমন বেপরোয়া চালনায় দু’জনের মৃত্যু হওয়ায় জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই ঘটনার পর প্রশাসনের প্রতি ওই এলাকায় আরও কড়া নজরদারির দাবি উঠেছে।