মার্চের খামখেয়ালি বৃষ্টির পাট চুকিয়ে এবার রাজ্যে শুরু হচ্ছে আগুনের হলকা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এপ্রিল পড়তেই দক্ষিণবঙ্গে দাপট বাড়াবে গরম। চলতি মাসেই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। আগামী শনিবারের মধ্যেই কলকাতার পারদ ৩৭ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে।
হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার এই তালিকায় যুক্ত হতে পারে বীরভূম ও কলকাতাও। কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৬ শতাংশ হওয়ায় ঘামে নাজেহাল হতে হবে শহরবাসীকে। তবে রবি থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা থাকলেও কোন কোন জেলায় ঝড় হবে, তা এখনও স্পষ্ট নয়।
অন্যদিকে, উত্তরবঙ্গে এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে শুক্রবার ও শনিবার সেখানেও বৃষ্টির দাপট কমে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি বাড়বে। পুনরায় রবিবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।





