বিয়ের আসরেই তুলকালাম কাণ্ড! প্রথম স্ত্রী এসে ভেস্তে দিলেন পুলিশ স্বামীর দ্বিতীয় বিয়ে

প্রথম স্ত্রীর সঙ্গে আইনত বিচ্ছেদ হয়নি। তার আগেই দ্বিতীয় বিয়ের আয়োজন করে ফেলেছিলেন মধ্যপ্রদেশের এক পুলিশ কনস্টেবল। তবে শেষ মুহূর্তে তাঁর যাবতীয় গোপন পরিকল্পনায় জল ঢেলে দিল স্বয়ং পুলিশই। প্রথম স্ত্রীর হস্তক্ষেপে ভেস্তে গেল কনস্টেবলের দ্বিতীয় বিবাহ অনুষ্ঠান।

এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রদেশের আলওয়ারে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। ওই কনস্টেবলের নাম জয় কিষান। জানা গিয়েছে, শহরের এক হোটেলে পরিবারের কয়েকজনের উপস্থিতিতে অত্যন্ত গোপনে তাঁর দ্বিতীয় বিয়ের অনুষ্ঠানের আয়োজন চলছিল।

কিন্তু স্বামীর দ্বিতীয় বিয়ের খবর কোনওভাবে পেয়ে যান কনস্টেবল জয় কিষাণের প্রথম স্ত্রী রীনা। সঙ্গে সঙ্গেই নিজের পরিবারের সদস্যদের নিয়ে তিনি ওই হোটেলে উপস্থিত হন এবং বিয়ের মণ্ডপে তীব্র গোলমাল শুরু করেন।

রীনার ভাই জানান, জয় কিষান ২০১১ সালে তাঁর দিদি রীনাকে বিয়ে করেন। কিন্তু বিয়ের মাত্র ছ’বছর পরই জয় কিষান অন্য এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন। ওই ঘটনার পরই রীনা স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়িতে ফিরে যান। যদিও তাঁদের আইনত বিচ্ছেদ (ডিভোর্স) হয়নি।

এদিকে, বিয়েকে কেন্দ্র করে হোটেলে তুমুল গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ। আইনত বিবাহবিচ্ছেদ না হওয়ায় পুলিশের পক্ষ থেকেই ওই কনস্টেবলের দ্বিতীয় বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। কনস্টেবলের গোপন বিয়ের এই চেষ্টা শেষ পর্যন্ত বড় নাটকীয় মোড় নিল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy