রবিবাসরীয় ভোরে বড়সড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। জুরিখগামী সুইস এয়ার লাইনসের একটি বিমানে উড্ডয়নের ঠিক আগের মুহূর্তে দেখা দেয় ভয়াবহ যান্ত্রিক ত্রুটি। অল্পের জন্য রক্ষা পেলেন বিমানে থাকা ২৩২ জন যাত্রী ও ক্রু সদস্য।
কী ঘটেছিল রানওয়েতে?
সকালবেলা যখন বিমানটি টেক-অফের জন্য রানওয়েতে দৌড় শুরু করতে যাবে, তখনই বিমানে বাম দিকের ল্যান্ডিং গিয়ার থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। পরিস্থিতি বেগতিক দেখে কালবিলম্ব না করে টেক-অফ বাতিল করার সিদ্ধান্ত নেন বিমানের পাইলট। তাঁর এই দ্রুত সিদ্ধান্তেই এক নিশ্চিত ধ্বংসের হাত থেকে বেঁচে যায় আস্ত একটি যাত্রীবাহী বিমান।
হুড়োহুড়িতে আহত ৪ যাত্রী
বিমানে ধোঁয়া দেখা মাত্রই বিমানবন্দরে ‘ফুল ইমার্জেন্সি’ ঘোষণা করা হয়। তড়িঘড়ি বিমানের সবকটি গেট খুলে দিয়ে ইমার্জেন্সি স্লাইডের মাধ্যমে যাত্রীদের নামানোর কাজ শুরু হয়। এই দ্রুত নামার সময় চরম হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা তৈরি হয়, যার ফলে চারজন যাত্রী আহত হন।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের দ্রুত মেদান্তা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
অন্য এক যাত্রীকে বিমানবন্দরের প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনাস্থলে ফায়ার টেন্ডার
খবর পাওয়া মাত্রই বিমানবন্দরের নিজস্ব অগ্নিনির্বাপক বাহিনী (TFT) ফায়ার টেন্ডার নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। যদিও বড় ধরনের কোনও অগ্নিকাণ্ড ঘটেনি, তবে সতর্কতা হিসেবে বিমানটিকে ঘিরে ফেলা হয় এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ দিল্লির রানওয়েতে বিমান চলাচল বিঘ্নিত হয়।
এই ঘটনার পর যান্ত্রিক ত্রুটির সঠিক কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)।





