রেল ভ্রমণে শৃঙ্খলা বজায় রাখতে এবং বৈধ যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করল পূর্ব রেলওয়ে। ২০২৫-২৬ অর্থবর্ষে টিকিটবিহীন এবং অনিয়মিত ভ্রমণের বিরুদ্ধে অভিযান চালিয়ে আয়ের নতুন রেকর্ড গড়ল জোনটি। প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার ইউ. এস. ঝা-এর নেতৃত্বে এবং জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্করের পরামর্শে জোনের বিভিন্ন সেকশনে চালানো হয়েছে নিবিড় তল্লাশি।
রেল সূত্রের খবর, গত এক বছরে (এপ্রিল ২০২৫ থেকে মার্চ ২০২৬) টিকিট পরীক্ষা করে পূর্ব রেলওয়ে ১০০.৬৭ কোটি টাকা আয় করেছে। এই পরিমাণ গত বছরের তুলনায় ২৪.৭৪ শতাংশ বেশি। পরিসংখ্যন অনুযায়ী, এই সময়ের মধ্যে মোট ২৪.৩৯ লক্ষ টিকিটবিহীন বা অনিয়মিত ভ্রমণের ঘটনা শনাক্ত করা হয়েছে, যা গত অর্থবর্ষের তুলনায় ১০.৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
রেলের এই অভাবনীয় সাফল্যের নেপথ্যে রয়েছে একগুচ্ছ সুপরিকল্পিত পদক্ষেপ। ব্যস্ত সময়ে গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে ‘ফোর্ট্রেস চেক’ (Fortress checks) থেকে শুরু করে আরপিএফ ও জিআরপি কর্মীদের সাথে সমন্বয় করে ঝটিকা অভিযান চালানো হয়েছে। বিশেষ করে ব্যস্ত ট্রেন এবং গুরুত্বপূর্ণ সেকশনগুলোতে ডেটা-চালিত টিকিট পরীক্ষকদের মোতায়েন করার ফলে ধরা পড়েছে বিপুল সংখ্যক অননুমোদিত যাত্রী।
পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, রেলের মূল লক্ষ্য কেবল জরিমানা আদায় নয়, বরং যাত্রীদের মধ্যে দায়িত্ববোধ তৈরি করা। সেই লক্ষ্যে “সঠিক টিকিট নিয়ে ভ্রমণ করুন” এই বার্তায় জোরদার প্রচার চালানো হচ্ছে। ভালো কাজের স্বীকৃতি হিসেবে প্রতি দু’মাস অন্তর সেরা টিকিট পরীক্ষকদের পুরস্কৃতও করছে রেল কর্তৃপক্ষ। বৈধ যাত্রীদের যাত্রা নিরাপদ ও মর্যাদাপূর্ণ করতে আগামী দিনেও এই কড়াকড়ি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।





