মালদহে ভোটার তালিকা সংশোধনের কাজ করতে গিয়ে গ্রামবাসীদের হাতে সাতজন বিচারক পণবন্দি হওয়ার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এই নজিরবিহীন পরিস্থিতিতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। খড়গপুর সদরের বিজেপি প্রার্থীর দাবি, পশ্চিমবঙ্গে বিচারব্যবস্থা তথা গোটা প্রশাসনিক সিস্টেমকেই চ্যালেঞ্জ জানানো হচ্ছে।
শুক্রবার সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বলেন, “আমরা প্রথম থেকেই বলে আসছি বাংলায় কোনও আইনি ব্যবস্থা নেই। বিচারকদের আক্রমণ করা হচ্ছে, তাঁদের কাজ করতে বাধা দেওয়া হচ্ছে—এটা বারবার ঘটছে। বিচারকদেরই যদি সুরক্ষা না থাকে, তবে সাধারণ মানুষ কোথায় যাবে?” তিনি আরও যোগ করেন, “নিরপেক্ষ ভোট হয়েছিল বলেই উনি আজ মুখ্যমন্ত্রী। অথচ এখন যা তা বলছেন।”
প্রসঙ্গত, বুধবার মালদহে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) চলাকালীন বিচারকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায় উন্মত্ত জনতা। এই ঘটনাকে সুপ্রিম কোর্ট “ন্যায়বিচারে বাধা দেওয়ার নির্লজ্জ চেষ্টা” বলে অভিহিত করেছে। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, পর্যাপ্ত সময় থাকা সত্ত্বেও রাজ্য প্রশাসন বিচারকদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। এমনকি ঘণ্টার পর ঘণ্টা তাঁদের খাবার ও জল ছাড়াই আটকে থাকতে হয়েছে। এই ঘটনায় রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও ডিজিপি-কে শোকজ করেছে শীর্ষ আদালত। ৬ এপ্রিল পরবর্তী শুনানিতে তাঁদের ভার্চুয়ালি হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।





