বাম-কংগ্রেস জোটে ইতি? কংগ্রেসকে বাদ দিয়েই কি নওশাদ-হুমায়ুনদের নিয়ে ঘুঁটি সাজাচ্ছে আলিমুদ্দিন?

রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই ফের আলোচনায় বামেদের জোট সমীকরণ। কার হাত ধরবে সিপিএম? নওশাদ সিদ্দিকী না কি কংগ্রেস? এই নিয়ে জল্পনার মাঝেই বুধবার আলিমুদ্দিন স্ট্রিটে আয়োজিত সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, কংগ্রেসের সঙ্গে জোট করার বিষয়ে এবার আর খুব একটা আগ্রহী নয় বাম নেতৃত্ব।

বৈঠকের নির্যাস বলছে, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার (অধীর পরবর্তী জমানায়) যেভাবে ২৯৪টি আসনে একলা লড়াইয়ের বার্তা দিয়েছেন, তারপর বাম শিবিরও পাল্টা একলা চলার প্রস্তুতি শুরু করেছে। তবে দলের একাংশ মনে করছেন, আগ বাড়িয়ে কংগ্রেসের বিরোধিতা না করে তাদের তরফে চূড়ান্ত ঘোষণার জন্য অপেক্ষা করা উচিত ছিল। এতে জোট ভাঙার দায় বামেদের ওপর আসত না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কংগ্রেস জোটে আসছে না— এটা কার্যত নিশ্চিত ধরে নিয়েই আইএসএফ এবং অন্যান্য বাম শরিকদের সঙ্গে দ্রুত আসন বণ্টন প্রক্রিয়া সেরে ফেলতে চায় সিপিএম।

এদিকে, আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী এবং বিক্ষুব্ধ তৃণমূল নেতা হুমায়ুন কবীরের সঙ্গে মহম্মদ সেলিমের বৈঠক নিয়ে দলের অন্দরেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে। কেন এই বৈঠকের প্রয়োজন পড়ল, তা নিয়ে শরিক দলগুলোর মধ্যেও কৌতূহল রয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টেয় আলিমুদ্দিনে বামফ্রন্টের বৈঠক ডাকা হয়েছে। সেখানে সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লকের সামনেই কংগ্রেস ও নতুন শরিকদের নিয়ে চূড়ান্ত রণকৌশল স্থির হবে। দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার সুযোগ খোলা থাকলেও, রাজ্য স্তরে এখন থেকেই কোমর বাঁধছে আলিমুদ্দিন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy