মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, দিঘা জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ এবার বাংলার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। ধাম কর্তৃপক্ষ এই প্রসাদ সরাসরি বাড়িতে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করেছে। এর ফলে ভক্তদের আর মন্দিরে গিয়ে লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিতে হবে না। টাকা দিয়ে বুকিং করলেই বাড়িতে চলে আসবে জগন্নাথ দেবের আশীর্বাদ।
কীভাবে প্রসাদ বুক করবেন?
দিঘা জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ বুকিং করার জন্য একটি নির্দিষ্ট নম্বর চালু করা হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ৯০৫৯০৫২৫৫০ নম্বরে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে প্রসাদ বুক করা যাবে।
প্রসাদের মূল্য তালিকা
বিভিন্ন ধরনের প্রসাদের জন্য আলাদা মূল্য ধার্য করা হয়েছে। এক নজরে দেখে নিন কোন প্রসাদের দাম কত:
- খিচুড়ি ভোগ – ১০০ টাকা
- মিষ্টি মহাপ্রসাদ – ৫০ টাকা
- পেড়া মহাপ্রসাদ – ১০০ টাকা
- পুরি ভাজি মহাপ্রসাদ – ৫০ টাকা
- দুপুরের মহাপ্রসাদ – ১০০ টাকা
- স্পেশাল দুপুরের মহাপ্রসাদ – ১৫০ টাকা
- সান্ধ্যকালীন মহাপ্রসাদ – ১০০ টাকা
- স্পেশাল সান্ধ্যকালীন মহাপ্রসাদ – ১৫০ টাকা
ডেলিভারি খরচ
মন্দির থেকে সরাসরি প্রসাদ নিলে কোনো অতিরিক্ত চার্জ লাগবে না। তবে ডেলিভারির ক্ষেত্রে প্রতিটি বাক্সের জন্য অতিরিক্ত ১০ টাকা চার্জ করা হবে। দূরত্ব অনুযায়ী এই ডেলিভারি চার্জ ২০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত হতে পারে।
সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে যে প্রসাদ বুক করা হবে, তা সেদিন বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে ডেলিভারি দেওয়া হবে। আর বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে বুক করা প্রসাদ পরের দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে পৌঁছে দেওয়া হবে।
দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য রাধারমণ দাস জানিয়েছেন, প্রাথমিকভাবে সীমিত দূরত্বে এই পরিষেবা দেওয়া হচ্ছে। তবে ভবিষ্যতে বুকিং-এর চাহিদা বাড়লে দূরবর্তী স্থানেও প্রসাদ পাঠানোর ব্যবস্থা করা হবে।