বাংলার বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা এখন সময়ের অপেক্ষা। কিন্তু তার আগেই মাস্টারস্ট্রোক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণনা শুরুর প্রাক্কালে দলীয় কাউন্টিং এজেন্টদের নিয়ে এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে বসেন তৃণমূল সুপ্রিমো। সেখান থেকেই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “আমরাই জিতছি, এবং ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরছি।”
গণনাকেন্দ্রে অনড় থাকার নির্দেশ গণনা চলাকালীন এজেন্টদের সজাগ থাকার ওপর বিশেষ জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কড়া নির্দেশ দিয়ে বলেন, “আপনারা অনেক লড়াই করেছেন, যুদ্ধ করেছেন। মনে রাখবেন জয় আমাদেরই হচ্ছে। গণনা কেন্দ্রে রাত ২টো বাজলেও কেউ সিট ছেড়ে উঠবেন না। যতক্ষণ না আমি নিজে বলব, ততক্ষণ সেন্টার ছাড়া যাবে না।” বিশেষ করে যে আসনগুলোতে জয়ের ব্যবধান কম থাকবে, সেখানে প্রয়োজনে বারবার ‘রিকাউন্টিং’ বা পুনর্গণনার দাবি জানানোর নির্দেশ দিয়েছেন তিনি।
খাবার নিয়ে বিশেষ সতর্কতা এজেন্টদের ব্যক্তিগত সুরক্ষা এবং স্বাস্থ্যের বিষয়েও সাবধান করেছেন নেত্রী। রাজনৈতিক চক্রান্তের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “বাইরের কোনো খাবার খাবেন না, কেউ কিছু মিশিয়ে দিতে পারে। নিজেরা বাড়ি থেকে হালকা খাবার নিয়ে যাবেন। এছাড়া আগের দিন থেকে পান-জর্দা বা এই জাতীয় নেশাদ্রব্য এড়িয়ে চলবেন।”
লড়াকু কর্মীদের জন্য পুরস্কার ভোটের ময়দানে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে যারা মাটি কামড়ে পড়েছিলেন, সেই সব কর্মীদের জন্য বড় ঘোষণা করেছেন মমতা। পুলিশের একাংশ এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, “যারা গত ৬ মাস ধরে পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে লড়াই করেছেন, তাদের আমি ব্যক্তিগতভাবে পুরস্কৃত করব।”
অভিষেকের তোপ ও সতর্কতা একই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষাকে গুরুত্ব না দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, “বিজেপি নানা ন্যারেটিভ তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। ভয় দেখানোর রাজনীতি চলবে ৪ মে দুপুর পর্যন্ত। কিন্তু সার্টিফিকেট হাতে না পাওয়া পর্যন্ত কোনো এজেন্ট যেন হল ছেড়ে না বেরোন।” কেন্দ্রীয় বাহিনীর ‘অত্যাচার’ নিয়ে ক্ষোভ উগরে দিয়ে অভিষেক আরও জানান, মহিলাদের ওপর হওয়া হেনস্তা মানুষ ব্যালটেই জবাব দিয়েছে।





